Singer controversy: মন্ত্রীর সঙ্গে বচসা, জনপ্রিয় গায়ককে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে

Daler Mehndi: নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে উঠে চরম বিপাকে পড়লেন দেশের এক অতি পরিচিত গায়ক। ভরা মঞ্চে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে বচসা বাধে তাঁর, এরপরই ওই জনপ্রিয় গায়ককে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হল। কে এই গায়ক? কী ঘটেছিল সেদিন?

Singer controversy: মন্ত্রীর সঙ্গে বচসা, জনপ্রিয় গায়ককে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে
কী ঘটেছে?Image Credit source: Tetra Image/Getty Images

Oct 20, 2026 | 4:28 PM

দালের মেহেন্দি (Daler Mehndi), যাঁর দরাজ গলায় একসময় গোটা দেশ মেতে উঠত, সম্প্রতি তাঁরই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। ভরা মঞ্চে উত্তরাখণ্ডের এক মন্ত্রীর সঙ্গে রীতিমতো বচসায় জড়ান এই গায়ক। এরপরই তাঁকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়।

উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরী মেলায় নবরাত্রি উপলক্ষে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দর্শকদের মনোরঞ্জন করতে সেখানে উপস্থিত হয়েছিলেন এই জনপ্রিয় গায়ক। কিন্তু মাঝপথেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। পারফর্ম করার সময়ে আচমকাই উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ ইউনিয়াল স্টেজে উঠে আসেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি প্রকাশ্যেই গায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন।

‘কথা বলতে পারছেন না, গাইবেন কী?’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্ত্রী ভরা মঞ্চে গায়ককে তীব্র ভর্ৎসনা করছেন। তিনি বলেন, “নবরাত্রিতে দুর্গামাতার অনুষ্ঠান চলছে। এমন এক জায়গায় মদ্যপান করে আসা একেবারেই অনুচিত। আপনি তো ঠিক করে কথাই বলতে পারছেন না, তাহলে গান গাইবেন কী করে?” জানা গিয়েছে, এই পারফরম্যান্সের জন্য গায়ককে ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। মন্ত্রীর দাবি, গায়ক স্টেজে বিভ্রান্ত অবস্থায় ছিলেন এবং লাইভ গাওয়ার বদলে কেবল গানে ঠোঁট মেলাচ্ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ভাইরাল ওই ভিডিয়োয় দালের মেহেন্দিকে হাতজোড় করে মন্ত্রীকে মঞ্চ থেকে চলে যাওয়ার অনুরোধ করতে দেখা গিয়েছে।

ঘটনার জল বহুদূর গড়ানোর পর এবার মুখ খুলেছেন আরেক জনপ্রিয় গায়ক মিকা সিং। একটি ভিডিয়ো বার্তায় তিনি এই মদ্যপানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন। মিকার স্পষ্ট বক্তব্য, দালের মেহেন্দি কখনও মদ পান করেন না। তাঁর দাবি, গত দু’বছর ধরে দালের মেহেন্দি গুরুতর অসুস্থ এবং সদ্য তাঁর একটি বড় অস্ত্রোপচার হয়েছে। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তাঁর স্টেজে দাঁড়াতে এবং গাইতে কষ্ট হচ্ছিল। সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমকে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে মিকা বলেন, কেউ যদি মদ্যপানের প্রমাণ দিতে পারেন, তবে তিনি নিজে গান গাওয়া ছেড়ে দেবেন। শারীরিক কষ্ট নিয়ে কেবল আয়োজকদের কথা রাখতেই তিনি সেদিন স্টেজে উঠেছিলেন। বিদেশি কোনও ব্যান্ডের সঙ্গে এমন আচরণ করা হত কি না, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন মিকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us