
শুটিং শেষে বাড়ি ফেরার পথে খাস কলকাতায় চূড়ান্ত হেনস্থার শিকার হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘিনী’তে মহুয়ার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে এক ক্যাব চালকের হাতে তিনি যে পরিস্থিতির মুখে পড়েছেন, তা মনে পড়লেই এখনও আতঙ্কে কেঁপে উঠছেন। প্রাণভয়ে রাস্তায় চিৎকার, ড্রাইভারের ব্যবহার এবং অ্যাপ ক্যাব সংস্থার চরম উদাসীনতা, সোশাল মিডিয়া লাইভে এসে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।
কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
মঙ্গলবার রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি ক্যাব বুক করেছিলেন সম্পিতা। প্রথমে পার্ক স্ট্রিটে চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও শুটিংয়ের দেরির কারণে গন্তব্য বদলে দমদম করে দেন তিনি। সেখানেই তাঁর বাড়ি। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই চালকের আচরণ সন্দেহজনক ঠেকতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সম্পিতা চালককে জানান, দমদম যেতে না চাইলে তাঁকে যেন রবীন্দ্র সরোবরের কাছেই নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও চালক গাড়ি থামাতে চাইছিলেন না। শেষমেশ বহু অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামান চালক।
গাড়ি থেকে নামার সময় শুরু হয় আসল অশান্তি। সম্পিতার পকেটে দুটো ফোন ঢুকিয়ে নিলেও শুটিংয়ের ভারী ব্যাগটি তখনও গাড়ির ভেতরেই ছিল। চালক কিউআর কোড স্ক্যানার এগিয়ে দিয়ে দাবি করেন, দমদম পর্যন্ত যা ভাড়া দেখিয়েছে, তার পুরো টাকাই দিতে হবে। অভিনেত্রী পালটা যুক্তি দেন, যেটুকু রাস্তা তিনি এসেছেন, সেটুকুর ভাড়াই তিনি মেটাবেন; দমদমের সম্পূর্ণ ভাড়া কেন দেবেন? এই নিয়ে তর্কাতর্কি শুরু হতেই মেজাজ হারান চালক।
সম্পিতার অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির মাঝে লাফিয়ে ব্যাগ নিয়ে তিনি গাড়ি থেকে নামেন তিনি এবং বেশ কিছুটা রাস্তা তাঁকে দৌড় করান ক্যাব ড্রাইভার। অভিনেত্রীর কথায়, সেই সময় বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। এখানেই শেষ নয়, অভিনেত্রীর ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেওয়ার উপক্রম করেন ওই চালক। কোনওরকমে নিজের জিনিস বাঁচিয়ে গাড়ি থেকে সরে আসেন সম্পিতা।
আতঙ্কে তখন অভিনেত্রীর হাত-পা কাঁপছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন, তাঁকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করেন। সম্পিতা জানান, গাড়িতে বসে আতঙ্কের মুহূর্তে ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে বারবার মেসেজ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু কোনওরকম সাহায্য মেলেনি। অবশেষে লাইভে নিজের ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, গোটা ঘটনার বিরুদ্ধে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন।