
ব্যথা নিয়েই ফ্লোরে কাজ করে যাচ্ছিলেন। প্রথমটায় বুঝতেই পারেননি চোট ঠিক কতটা গভীর! কিন্তু শেষরক্ষা হল না। শারীরিক কষ্ট বাড়তেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, দিন কয়েক আগে এক পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনার পর সোশাল মিডিয়ায় স্ত্রীর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়।
ঠিক কী ঘটেছিল? দিন কয়েক আগে টালিগঞ্জ থেকে একটি অ্যাপ ক্যাবে করে ফিরছিলেন নিবেদিতা। আর সেই যাত্রাপথেই দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। প্রথমদিকে চোটের মাত্রা সেভাবে বুঝতে পারেননি। রোজকার মতোই ব্যথা নিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এরপরই সমস্যা বাড়ে। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় আর কোনও ঝুঁকি নেয়নি পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নিবেদিতা ঠিক কেমন আছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট করে সুজন নীল জানিয়েছেন, দুর্ঘটনায় অভিনেত্রীর কোমর ও হাঁটুতে বেশ গুরুতর চোট লেগেছে। এর জেরে আপাতত চলতে ফিরতে যথেষ্ট অসুবিধা হচ্ছে তাঁর। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, এই মুহূর্তে হয়তো কোনও অপারেশনের প্রয়োজন নেই। সুজন নীল তাঁর পোস্টে লিখেছেন, “নিবেদিতা একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় গত ৮ অক্টোবর। গতকাল রাতে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল ভর্তি করা হয়েছে। কোমরে আর হাঁটুতে চোট। চলতে ফিরতে অসুবিধে হচ্ছে। হয়তো অপারেশন করাতে হবে না, আপাতত তাই মনে হচ্ছে।”
একই সঙ্গে সুজন স্পষ্ট করে দিয়েছেন, চিকিৎসকের কড়া নির্দেশ মেনেই আপাতত নিবেদিতাকে চলতে হবে। স্ত্রীর আরোগ্য কামনা করে তিনি আরও লেখেন, “এবার ডাক্তারের কথা মেনে চিকিৎসা ও সুস্থ হয়ে ফিরে আসা। আপনারা যারা ওকে ভালোবাসেন, ওর অভিনয় দেখার জন্য মঞ্চের দিকে তাকিয়ে থাকেন বা টেলিভিশনে চোখ রাখেন, তাঁদের আশীর্বাদ কাম্য।”
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে অভিনয় করছেন নিবেদিতা। সেখানে ঋষির মায়ের চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। পর্দায় শাশুড়ি-বৌমার এই মিষ্টি সমীকরণ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। পর্দার প্রিয় অভিনেত্রীর দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে নিবেদিতা যাতে দ্রুত সুস্থ হয়ে ফ্লোরে ফিরতে পারেন, সেই কামনাই করছেন সকলে।