Big Boss Bangla: চোখের জলে বিদায়! আলেকজান্ড্রার প্রস্থানে কী বলছেন প্রতিযোগীরা?

Alexandra Taylor Evicted: মাত্র তিন সপ্তাহের মাথায় বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিলেন আইরিশ মডেল আলেকজান্ড্রা টেলর। ভাষা বুঝতে সমস্যা হলেও, তাঁর সরল মন জয় করেছিল সবার। তাঁর এই হঠাৎ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন সোহিনী থেকে শুরু করে ঝিলমরা। আক্ষেপ শোনা গেল দুর্নিবারের গলাতেও। কী অবস্থা বিগ বসের ঘরের?

Big Boss Bangla: চোখের জলে বিদায়! আলেকজান্ড্রার প্রস্থানে কী বলছেন প্রতিযোগীরা?
কী বলছেন বাকিরা?

Sep 20, 2026 | 11:24 AM

আলেকজান্ড্রা টেলর (Alexandra Taylor) যখন প্রথমবার ‘বিগ বস বাংলা’-র ঘরে পা রেখেছিলেন, তখন তাঁর চোখে ছিল একবুক স্বপ্ন। তিনি জানিয়েছিলেন, এই শো জিতে নিজের মাকে পাকাপাকিভাবে বাংলায় নিয়ে আসতে চান। কিন্তু সেই স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল। মাত্র তিন সপ্তাহের মাথাতেই বিগ বসের ঘর থেকে চিরতরে বিদায় নিতে হল এই আইরিশ সুন্দরীকে। তাঁর এই প্রস্থানে রীতিমতো চমকে গিয়েছেন ঘরের অন্যান্য সদস্যরা।

কেন বাদ পড়লেন আলেকজান্ড্রা?

ঘরের ভেতরের সদস্যরা অবাক হলেও, দর্শকদের একটা বড় অংশ কিন্তু এমনটাই প্রত্যাশা করেছিলেন। এর অন্যতম প্রধান কারণ হল ভাষার সমস্যা। জন্মসূত্রে আইরিশ হলেও, বাংলাকে ভীষণ ভালোবাসেন আলেকজান্ড্রা। এখানে কাজ করেন, পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে থাকার স্বপ্নও দেখেন। কিন্তু তিনি ভাঙা ভাঙা বাংলা বলেন। সব কথা স্পষ্ট বুঝতেও পারেন না। আর এটাই তাঁর জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। বিগ বসের নির্দেশ বুঝতে না পারা থেকে শুরু করে নিজের মনের ভাব প্রকাশ করা, সব জায়গাতেই হোঁচট খাচ্ছিলেন তিনি। তাঁকে সবসময় ঘরের অন্য কারও না কারও সাহায্য নিতে হত। আর এই কারণেই হয়তো দর্শকদের ভোটে পিছিয়ে পড়েন তিনি।

কান্নায় ভাসল বিগ বসের ঘর

আলেকজান্ড্রা শো থেকে বেরিয়ে যাওয়ার পর, বিগ বসের বাড়ির চেনা ছবিটা এক লহমায় বদলে গিয়েছে। প্রথম দিন থেকেই তাপস পালের মেয়ে সোহিনী পালের সঙ্গে তাঁর ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। এই বিদেশিনী কিছু বুঝতে না পারলে, সোহিনী সবসময় তাঁকে বুঝিয়ে দিতেন। আলেকজান্ড্রার বিদায়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তিনিই। কাঁদতে কাঁদতে সোহিনী বলেন, “আমার বিষয়টা এখনও হজম হচ্ছে না। সত্যিই আলেকজান্ড্রা বেরিয়ে গেল? ও কি সত্যিই আর কখনও ফিরবে না?”

শুধু সোহিনী নন, আলেকজান্ড্রাকে বিদায় জানাতে গিয়ে ঝিলাম আর নিরঞ্জনের চোখেও জল দেখা গিয়েছে। ডুকরে কেঁদে ওঠেন তাঁরাও। তনুশ্রীর চোখেও ছিল জল। ডাগ আউট থেকে শুরু হওয়া তাঁদের এই বন্ধুত্ব যে কতটা গভীর ছিল, তা এই দিনে বেশ পরিষ্কার হয়ে যায়। সবার একটাই কথা, সব কথা বুঝতে না পারলেও, আলেকজান্ড্রা মানুষ হিসেবে ভীষণ ভালো ছিলেন।

‘যাদের যাওয়া উচিত, তারা থাকছে!’

এই বিদায় ঘিরে ঘরের অন্দরে বেশ ক্ষোভ আর অভিমান তৈরি হয়েছে। গায়ক দুর্নিবার সাহাকে বেশ আক্ষেপ করেই বলতে শোনা যায়, “এই ঘরে কয়েকটা মানুষই ঠিকঠাক ছিল, তারাও চলে যাচ্ছে।” আলেকজান্ড্রার সঙ্গে দুর্নিবারের মাঝেমধ্যে তর্ক হলেও, দুজনের মধ্যে সম্পর্ক মোটেই খারাপ ছিল না। তাই এই বিদায়ে তিনিও বেশ বিব্রত। অন্যদিকে, ঝিলাম তো সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, “যাদের চলে যাওয়া উচিত, তারা থেকে যাচ্ছে। আর ভালো মানুষগুলো বেরিয়ে যাচ্ছে।”

সব মিলিয়ে, আলেকজান্ড্রা টেলর বেরিয়ে যাওয়ায় ঘরের অনেকেই খুব কষ্ট পেয়েছেন। অনেকেই ক্ষুব্ধ। তবে তিনি বেরিয়ে যাওয়ার পর, বিগ বসের ঘরের সমীকরণ এবার ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। টেলিপাড়ায় নতুন শোরগোল—বিগ বসের ঘরে নাকি পা রাখতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা, ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ দাস! গুঞ্জন সত্যি হলে চলতি সপ্তাহের মাঝপথেই সারপ্রাইজ এন্ট্রি নেবেন তিনি। খেলা যে এবার আরও জমজমাট হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us