
‘বিগ বস বাংলা’-র রুদ্ধদ্বার ড্রামায় ফের জোরদার চমক! দীর্ঘদিনের কড়া শাসক সোহিনীকে হটিয়ে ঘরের নতুন অধিনায়কের মসনদ ছিনিয়ে নিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। টাস্কে বাজিমাত এবং সহ-প্রতিযোগীদের ভোটাভুটির বিচারে সোহিনীকে সিংহাসনচ্যুত করে নতুন ‘ক্যাপ্টেন’ হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।
শোয়ের প্রথম দিন থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন সোনামণি। ঘরের কাজের পাশাপাশি হাতা- খুন্তি হাতে রান্নাঘর সামলাতেও যে তিনি সিদ্ধহস্ত, তা ইতিপূর্বেই দেখে নিয়েছেন দর্শকরা। ফলে ক্যাপ্টেনের মুকুট মাথায় উঠতেই অনুরাগী মহলে আনন্দের জোয়ার ভেসে এসেছে।
তবে সমস্ত শুভেচ্ছার মাঝে সবচেয়ে বিশেষ বার্তাটি এসেছে সোনামণির জীবনের বিশেষ মানুষ অর্থাৎ অভিনেতা প্রতীক সেনের কাছ থেকে। সোনামণির কাছে এই বার্তা পৌঁছনোর সুযোগ না থাকলেও বাইরে থেকে অভিনেত্রীর এই জয় উদ্যাপন করতে এতটুকু ভুল করেননি প্রতীক। সোনামণির গ্ল্যামার ও নতুন ‘ক্যাপ্টেন’ অবতারের ভূয়সী প্রশংসা করে তাঁর ছবি পোস্ট করে প্রতীক লেখেন, “শুভেচ্ছা… ‘কুইন’ ক্যাপ্টেন, প্রতিদিন বিগ বস বাংলা দেখুন আর ওকে সাপোর্ট করুন।” প্রসঙ্গত, এর আগেও সোনামণিকে ‘গ্রিক দেবী’-র সঙ্গে তুলনা করে ট্রোলারদের কড়া জবাব দিয়ে রাজকীয়ভাবে প্রেমিকার পাশে দাঁড়িয়েছিলেন প্রতীক।
এদিকে বিগ বসের ঘরে ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার আগেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় ধামাকা দিয়েছেন সোনামণি। রান্নার ফাঁকে সহ-প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় নাম সরাসরি না বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যাঁর প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছেন, চলতি বছরেই তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন! আর এই ইঙ্গিতেই প্রতীক-সোনামণি জুটির ভক্তদের মধ্যে নতুন জল্পনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।