
বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে পা রাখতে না রাখতেই বোমা ফাটালেন জীতু কমল (Jeetu Kamal)। মাত্র দু’দিন হল ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন টলিউডের ‘অপরাজিত’। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ভরত কলের (Bharat Kaul) সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। কিন্তু রাজবীর দে-র (Rajveer De) সঙ্গে একান্তে বসতেই বেরিয়ে এল আসল সত্যি!
ভরতের বিরুদ্ধে বিস্ফোরক জীতু
শনিবার বিগ বসের ঘরে ঢুকেই ভরত কলকে জড়িয়ে ধরেছিলেন জীতু। কিন্তু আড়ালে গিয়ে সুর একেবারে পাল্টে গেল। রাজবীরের সঙ্গে সোফায় বসে জীতু বলেন, “ভরতদা আমার কেরিয়ারে অনেক ক্ষতি করেছে!” এই কথা শুনে চমকে যান রাজবীরও। তিনি অবাক হয়ে জীতুকে প্রশ্ন করেন, “তারপরেও ভরতদা তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন?” জীতুর সোজাসাপ্টা উত্তর, “আমি ভালো ব্যবহার করছি বলেই ও ভালো ব্যবহার করছে।”
সৃজলা ও অ্যালেক্সকে নিয়ে সাবধানবাণী
শুধু ভরত নন, জীতুর নিশানায় ছিলেন সৃজলা গুহ এবং অ্যালেক্সও। রাজবীরকে রীতিমতো সাবধান করে দেন তিনি। জীতু বুঝিয়ে দেন, সৃজলা এবং অ্যালেক্স যেভাবে গালিগালাজ করেছেন বা ‘ফিমেল কার্ড’ খেলছেন, সেটা অন্যায়। ওরা আসলে রাজবীরেরই ক্ষতি করছেন।
জীতুর কথায়, “ওরা তোমাকে কেস খাওয়াচ্ছে। ওরা তোমার আর আমার থেকে অনেক বেশি চালাক। তোমাকে ইচ্ছে করে রাগিয়ে দিচ্ছে। আর তোমার রাগকে হাতিয়ার করে ওরা ফুটেজ খেয়ে নিচ্ছে।” তবে রাজবীর যে রাগের মাথায় নিজের জামাকাপড় ছুড়ে ফেলেছিলেন, সেটাও যে একদম ঠিক কাজ হয়নি, তা বুঝিয়ে দিয়েছেন জীতু।
জমে উঠেছে বিগ বস বাংলার আসর
গত ৩০ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই প্রথম সপ্তাহে অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়েছেন। তাঁর জায়গাতেই প্রথম ওয়াইল্ড কার্ড হয়ে আসেন রাজবীর। আর দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু। ঘরে রয়েছেন দুর্নিবার সাহা, সোনামণি সাহা, মনামী ঘোষ, সোহিনী পাল, সায়ক চক্রবর্তীদের মতো চেনা তারকারা। তবে জীতু এসেই বুঝিয়ে দিয়েছেন, তিনি এখানে শুধু জিততেই এসেছেন। এখন দেখার, জীতুর এই গোপন মন্ত্রণা রাজবীরের গেম প্ল্যানকে আগামী দিনে কোন দিকে নিয়ে যায়!