
বিগ বস বাংলা (Bigg Boss) মানেই টানটান উত্তেজনা আর ভরপুর ড্রামা! আজ যিনি পরম বন্ধু, কাল তিনি চরম শত্রু। কিন্তু এবার বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে রীতিমতো চোখ কপালে উঠছে দর্শকদের। আর এই হাই-ভোল্টেজ ড্রামার কেন্দ্রে রয়েছেন জিতু, সৃজলা এবং রাজবীর।
বিগ বসের ঘরে এর আগেই সৃজলাকে প্রেমপত্র দিয়ে প্রপোজ করেছিলেন জিতু। সামনাসামনিও নিজের মনের কথা জানিয়েছিলেন। কিন্তু সৃজলা এখনও সেই চিঠির কোনও উত্তর দেননি। অনেকেই মনে করছেন জিতুকে রীতিমতো ঝুলিয়ে রেখেছেন সৃজলা। যদিও সংবাদমাধ্যমের কাছে সৃজলার প্রিয় বন্ধু, দিদি লিমা দাবি করেছেন, সৃজলা নাকি জিতুকে স্পষ্ট ‘না’ বলে দিয়েছেন! কিন্তু বিগ বসের অন্দরের সমীকরণ যেন অন্য কথাই বলছে। চিঠির উত্তর না মিললেও সৃজলার উপর জিতুর অধিকারবোধ কিন্তু একটুও কমেনি।
এই টানাপোড়েনের মাঝেই ঘটেছে আরও এক কাণ্ড। মনামীর মা বিগ বসের ঘরে এসে জিতুকে ক্যাপ্টেন্সির জন্য একটি বিশেষ কেক উপহার দেন। আর চমকপ্রদ ব্যাপার হল, সেই কেকের ভাগ নিতে একসঙ্গে ছুটে যান সৃজলা ও রাজবীর! এরপর বিগ বসের ঘরে আসেন খোদ জিতুর মা। ক্যাপ্টেন্সির দাবিদার তিনি কাকে করবেন, তা নিয়ে একটু দ্বিধায় ছিলেন। ঠিক তখনই ইশারা করে জিতু মাকে বুঝিয়ে দেন, ক্যাপ্টেন্সির দাবিদারের কেকটি যেন সৃজলাকেই দেওয়া হয়। ছেলের ইশারা বুঝে মা সৃজলার হাতেই উপহারটি তুলে দেন। এই দৃশ্য দেখেই দর্শকদের মধ্যে ফিসফাস আরও বেড়ে গিয়েছে।
নন্দিনী যেতেই হঠাৎ রাজবীরের পরম বন্ধু সৃজলা?
চিঠির উত্তর না পাওয়ার হতাশা তো ছিলই, তার উপর আসল বোমাটা ফাটিয়েছেন জিতু নিজেই। রাজবীর ও সৃজলার একসঙ্গে কেক কাড়াকাড়ি এবং হঠাৎ এই মাখামাখি দেখেই সোজা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। জিতুর দাবি, একটা সময় তো রাজবীর আর সৃজলা একে অপরের মুখ পর্যন্ত দেখতে চাইতেন না! কথাবার্তাও কখনও বলতেন না। তাহলে নন্দিনী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ এমন কী ম্যাজিক হল যে, দু’জনে এত কাছাকাছি চলে এলেন? জিতুর এই সোজাসাপ্টা প্রশ্নের তিরে রীতিমতো ঘামতে শুরু করেন সৃজলা। রাগে ফেটে পড়ে সৃজলাকে জিতু সোজাসুজি বলেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আর এখন তোমার সবাই আছে, পর হয়েছি আমি!” এই নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় তুমুল অশান্তি।