Bigg Boss Bangla: ‘আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না!’ বিগ বসের গণ্ডি পেরিয়ে নন্দিনীর ডায়লগ এবার মেগা সিরিয়ালে

Tollywood Gossip: ‘আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’— সোশাল মিডিয়ার মিম আর ট্রোল পেরিয়ে বিগ বসের এই ভাইরাল ডায়লগ এবার সোজা ঢুকে পড়ল মেগা সিরিয়ালে! তাও আবার হুবহু সেই কান্নার সুরে! কিন্তু কোন জনপ্রিয় ধারাবাহিকে ঘটল এমন কাণ্ড? কার মাথাতেই বা জুটল সেফটিপিন? বিগ বসের অন্দরের এই চর্চিত ঘটনার সঙ্গে বাংলা সিরিয়ালের কানেকশনটা ঠিক কী?

Bigg Boss Bangla: আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না! বিগ বসের গণ্ডি পেরিয়ে নন্দিনীর ডায়লগ এবার মেগা সিরিয়ালে
কী ঘটেছে বিগ বসের ঘরে?

Nov 15, 2026 | 5:23 PM

সোশাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই কানে বাজছে একটাই সংলাপ, ‘আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’ বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘর থেকে নন্দিনী দত্ত বেরিয়ে আসার পর থেকেই এই এক ডায়লগে মজেছে নেটপাড়া। মিম, ট্রোল, রিল ভিডিয়ো কিছুই বাদ নেই। তবে এবার আর শুধু সোশাল মিডিয়া নয়, এই ভাইরাল ডায়লগ সোজা এন্ট্রি নিল বাংলা ধারাবাহিকে! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। মেগা সিরিয়ালেও এবার শোনা গেল নন্দিনীর সেই আইকনিক সংলাপ।

সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘আশীর্বাদ’-এর একটি ক্লিপ সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এই ধারাবাহিকের গল্প মূলত বাবা ও তাঁর চার ছেলেকে নিয়ে। সেখানে মল্লার ও বড়লোক বাড়ির মেয়ে মেঘলার জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়। আর এই জুটির একটি মজাদার দৃশ্যেই উঠে এসেছে বিগ বসের সেই সেফটিপিন-প্রসঙ্গ!

ঠিক কী ঘটেছে ধারাবাহিকে?

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা গিয়েছে, মল্লারের মেজদা মেঘলাকে ‘সরি’ বলে একটি কাপ দেয়। মেঘলা আবার মজার ছলে ওই কাপের একটি ফুল মল্লারের মেজদার মাথায় আটকে দেয়। এরপরই শুরু আসল চমক! কাণ্ড দেখে মল্লার মজা করে তার ছোট ভাই পিলুকে বলে ওঠে, “এই পিলু, আমার বাবাটার মাথায় একটা সেফটিপিন আটকে দে না রে!”

দাদাকে একেবারেই নিরাশ করেনি পিলু। সেও একদম নন্দিনীর কান্নার সুর আর গলা হুবহু নকল করে বলে, “দিতাম তো, কিন্তু আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না!” সিরিয়ালের এই স্পুফ দৃশ্য প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ক্লিপটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সিরিয়ালের নির্মাতারাও যে সোশাল মিডিয়ার ট্রেন্ডের সঙ্গে কতটা আপডেটেড, এই দৃশ্যটি যেন তারই প্রমাণ।

সেফটিপিন রহস্যের নেপথ্যে কী?

যাঁরা এখনও এই ‘সেফটিপিন’ রহস্য জানেন না, তাঁদের জন্য একটু ফ্ল্যাশব্যাক। বিগ বসের সিক্রেট রুমে বসে নন্দিনী হঠাৎ দেখেন, রাজবীরের ব্লেজারের পিছনে প্রচুর সেফটিপিন আটকানো। যা রাজবীর নিজে একা কিছুতেই খুলতে পারছে না। ব্যস, ভালোবাসার মানুষকে ওরকম অসহায় অবস্থায় দেখে আবেগ ধরে রাখতে পারেননি নন্দিনী। ডুকরে কেঁদে বলে ওঠেন, “আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে একটু হেল্প করো!”

সেই দৃশ্য টিভিতে সম্প্রচারিত হতেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে। তবে নন্দিনী নিজে এই গোটা বিষয়টি বেশ স্পোর্টিংলি নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অনেকেই এটি নিয়ে মজা করছেন, এমনকী তাঁর বাবা-মাও বাদ যাননি। তবে এতে তাঁর কোনও সমস্যা নেই। তিনি নিজেই বিষয়টি দারুণ উপভোগ করছেন। আর এবার ধারাবাহিকে এই ডায়লগের ব্যবহার দেখে দর্শকরাও বলছেন, সেফটিপিন ট্রেন্ড কখনও এত তাড়াতাড়ি থামছে না!

Loading...
Unable to load recommendations.
Follow Us