
রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-র অন্দরে ঘটে চলেছে একের পর এক ঘটনা। কিছুদিন ধরেই গেমার স্কাউট ওপি (Scout OP) এবং পঞ্জাবি অভিনেত্রী লাভ গিল (Love Gill)-এর ঘনিষ্ঠ বন্ধুত্বের সমীকরণ নিয়ে সোশাল মিডিয়ায় নানা ক্লিপ বা ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছিল। এই ভাইরাল ভিডিয়োগুলো দেখার পর থেকেই অনেকের মনেই প্রশ্ন জাগছিল ঠিক কী ঘটে চলেছে ঘরের অন্দরে। অনেকেরই মনে নানা জল্পনা দানা বেঁধেছিল। অবশেষে গত উইকেন্ড কা ওয়ার (Weekend Ka Vaar) পর্বে এই পুরো বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায়, যখন শোয়ের সঞ্চালক এবং স্কাউটের বান্ধবী সরাসরি এই বিষয়ে মুখ খোলেন।
বিষয়টা ঠিক কী ঘটেছে?
সলমনের পরিবর্তে সঞ্চালক হিসাবে দেখা যাচ্ছে রোহিত শেট্টিকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপগুলোতে দেখা যায়, শোয়ের সঞ্চালক রোহিত শেঠি সরাসরি লাভ গিল ও স্কাউটকে তাঁদের বন্ডিং নিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। রোহিত জানান, ঘরের মধ্যে যেভাবে স্কাউট লাভকে ম্যাসাজ করেন- বিশেষ করে পা, হাত কিংবা ঘাড় টিপে দেওয়ার মতো বিষয়গুলো, তা টেলিভিশনের পর্দায় বা দর্শকের চোখে একদমই ভালো লাগছে না। রোহিত আরও বলেন যে, “আপনি লাভকে বলেন পিছন থেকে টিপে দিতে, আর ও আপনার কাভস (calves) টিপে দিচ্ছে। এটা একদমই ভালো দেখাচ্ছে না।” এই ক্লিপগুলো ভাইরাল হওয়ার পরেই দুই প্রতিযোগীর সম্পর্ক নিয়ে জল্পনা চরমে পৌঁছায়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্কাউটের বান্ধবী কাশভি হিরানন্দানি (Kaashvi Hiranandani) সরাসরি শোয়ে প্রবেশ করেন। কাশভি সরাসরি লাভ গিলকে আক্রমণ করে বলেন যে, লাভ নিজের খেলায় এগিয়ে যাওয়ার জন্য স্কাউটকে আবেগগতভাবে ফাঁদে ফেলেছেন এবং ব্যবহার করছেন। শুধু তাই নয়, লাভকে কাশভি প্রকাশ্যে প্রশ্ন করেন যে, তিনি কি নিজের ভাইদের সঙ্গেও এমন আচরণ করেন? কাশভির এই সমস্ত মন্তব্যে হতবাক হয়ে যান প্রতিযোগীরা।
এর পরে স্কাউটের প্রতি কাশভি চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্কাউটকে উদ্দেশ্য করে বলেন যে এই ধরনের আচরণে তিনি ভীষণ বিরক্ত। স্কাউটের একসময় লাভের সঙ্গে কাশভির তুলনা করেছিলেন, তার তীব্র প্রতিবাদ জানান কাশভি। তিনি স্কাউটকে পরিষ্কার নির্দেশ দিয়ে বলেন, যদি তাঁর বিন্দুমাত্র সম্মান বাকি থাকে, তবে তিনি যেন অবিলম্বে ‘ড্রো দ্য লাইন’ (draw the line) করেন এবং লাভকে তাঁর জীবন থেকে সম্পূর্ণ কেটে বাদ দেন (‘cut her out’)।
কান্নায় ভেঙে পড়লেন লাভ গিল
কাশভির এই তীব্র আক্রমণের পরেই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন লাভ গিল। একা বসে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্য প্রতিযোগীরাও এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন।
পরের দিন সকালে স্কাউটের মুখোমুখি হয়ে লাভ নিজের সমস্ত ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “আমি আর কাউকে মুখ দেখাতে পারব না, আমার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। বাইরে গিয়ে লোকে আমার ব্যাপারে কী বলবে? সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, তা তো আর মুছে ফেলা যাবে না।” লাভ ক্ষোভ প্রকাশ করে স্কাউটকে বলেন যে তিনি তাঁর পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিয়েছেন।
লাভ জানান যে, মাত্র এক মাস আগেই কিছু বিতর্ক ও মানসিক চাপ থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু বর্তমান ঘটনায় তিনি ফের সেই কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন। লাভ আরও অভিযোগ করেন যে, কাশভি যখন তাঁকে নিয়ে ‘ট্র্যাপ করার’ মতো কথা বলছিল, তখন স্কাউট কেন তার প্রতিবাদ করে উপযুক্ত জবাব দিলেন না।
সোশাল মিডিয়ায় এই সমস্ত ঘটনা ও ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়া মূলত দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে যেমন স্কাউটের প্রেমিকা কাশভির পক্ষ নিয়ে অনেকে সোচ্চার হয়েছেন, তেমনই অন্যদিকে কাম্যা পঞ্জাবি, গওহর খান, মনু পঞ্জাবি এবং নাসির খানের মতো বহু জনপ্রিয় তারকা লাভ গিলের সমর্থনে এগিয়ে এসেছেন। সব মিলিয়ে, ‘বিগ বস ২০’-র অন্দরের এই ঘটনা এখন খবরের শিরোনামে।