Suvendu Adhikari: মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজোয় চাঁদের হাট! প্রসাদ খেয়ে মায়ের কাছে রাজ্যের জন্য কী চাইলেন মুখ্যমন্ত্রী?

Uttam Kumar Lakshmi Puja: ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের বাড়ির ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোয় এবার বসেছিল চাঁদের হাট। টলিউডের একঝাঁক তারকার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দেবীর আরাধনার পাশাপাশি চেখে দেখলেন বাড়ির পুজোর প্রসাদও। মায়ের কাছে রাজ্যের জন্য বিশেষ প্রার্থনাও করলেন তিনি।

Suvendu Adhikari: মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজোয় চাঁদের হাট! প্রসাদ খেয়ে মায়ের কাছে রাজ্যের জন্য কী চাইলেন মুখ্যমন্ত্রী?
কী বলেছেন মুখ্যমন্ত্রী?

Oct 26, 2026 | 8:14 AM

প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে পালিত হল ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের বাড়ির ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো। কথিত আছে, এই বাড়ির লক্ষ্মীপ্রতিমার মুখ মহানায়কের স্ত্রীর মুখের আদলে তৈরি করা হয়। এ বছর এই পুজোয় টলিউড তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

এদিন পুজোমণ্ডপে এক ঝুড়ি ফুল ও মিষ্টি নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। দেবীর দর্শন করে ভক্তিভরে প্রণাম নিবেদন করেন এবং হোমের টিকা পরেন তিনি। বাড়ির সদস্যদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। পুজোর প্রসাদ হিসেবে তিনি গুড়ের বাতাসা, পায়েস, সামান্য পোলাও এবং ছানার তরকারি খান। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তাঁর পছন্দের নাড়ুর প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, নারকেলের গুড়ের নাড়ু, সাদা নাড়ু এবং তিলের নাড়ু, সবকটিই তাঁর বিশেষ পছন্দ। তবে নিজের বাড়িতেও পুজো থাকায় সেখানকার খিচুড়ি খাওয়ার জন্য তিনি পেটে কিছুটা জায়গা ফাঁকা রেখেছেন বলে মজার ছলে জানান।

উত্তম কুমারের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

মায়ের কাছে রাজ্যের জন্য কী চাইলেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলা যেন ব্যবসা ও আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়, শিক্ষিত যুবসমাজ যেন কাজ পায় এবং কৃষকরা যেন এ বছর আরও বেশি ফসল ফলান, এই কামনাই করলাম।” পুজো শেষে নিজের সমাজমাধ্যমেও একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, “শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্যতিথিতে আজ মহানায়ক উত্তম কুমারের বাড়িতে আয়োজিত শ্রীশ্রী লক্ষ্মীপুজোয় মাতৃপ্রতিমা দর্শন করে প্রণাম নিবেদন করলাম। মা লক্ষ্মীর কাছে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল প্রার্থনা করলাম। পাশাপাশি এই শুভক্ষণে উপস্থিত সকলের সঙ্গে বিজয়া ও লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বিনিময় করলাম।”


আর কারা উপস্থিত ছিলেন?

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন মহানায়কের বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে, পায়েল দে, অনিন্দ্য চট্টোপাধ্যায়, জুন মালিয়া সহ একাধিক তারকা। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য এবং তারকাসমাগমে জমজমাট হয়ে ওঠে উত্তম কুমারের বাড়ির কোজাগরী আরাধনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us