Raveena Tandon Coimbatore Attack: ব্রেকআপের পর চরম বদলা! ক্যামেরায় ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য, ক্ষোভে ফেটে পড়লেন রবীনা

Coimbatore kerosene bomb attack: কোয়েম্বাটোরে প্রেমিকার বাড়িতে কেরোসিন বোমা ছুঁড়ল এক যুবক। সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠল গোটা দেশ। এই মর্মান্তিক ঘটনায় সোশাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন।

Raveena Tandon Coimbatore Attack: ব্রেকআপের পর চরম বদলা! ক্যামেরায় ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য, ক্ষোভে ফেটে পড়লেন রবীনা
কী ঘটেছিল ঠিক?

May 27, 2026 | 10:26 AM

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)-এর কড়া প্রতিক্রিয়া ফের উসকে দিল নারী নিরাপত্তা নিয়ে বিতর্ক। প্রেমিকার প্রত্যাখ্যান! আর তার বদলা নিতে সটান তরুণীর বাড়িতে কেরোসিন বোমা ছুঁড়ল এক যুবক। সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এমন হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও। সোশাল মিডিয়ার দৌলতে আজকাল এই ধরনের হেনস্থা বা হিংসার খবর দ্রুত সামনে আসছে। সরকারি তদন্ত শেষ হওয়ার আগেই এই ঘটনাগুলোর ভয়াবহতা মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। ঠিক যেমনটা ঘটল কোয়েম্বাটোরের এই ঘটনায়। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিনেত্রী রবীনা ট্যান্ডন।

 

কী ঘটেছিল ঠিক?

ঘটনাটি কোয়েম্বাটোরের থোন্ডামুথুর এলাকার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কার্তিক। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, রাতের অন্ধকারে এক তরুণীর বাড়ির দিকে লক্ষ্য করে একের পর এক কেরোসিন ভর্তি বোতল ছুঁড়ছে সে। তবে স্বস্তির বিষয় হল, সেই সময় ওই তরুণী বাড়ির ভিতরে বসে পড়াশোনা করছিলেন। ফলে বড়সড় অগ্নিকাণ্ড বা প্রাণহানির মতো কোনও বিপদ ঘটেনি। সম্পূর্ণ অক্ষত রয়েছেন তিনি।

 

কেন এই ভয়াবহ আক্রোশ?

তরুণীর বাবা সুন্দরমূর্তি পেশায় থালিয়ুর টাউন পঞ্চায়েতের একজন ফিটার। তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে। জানা গিয়েছে, কলেজে পড়ার সময় কার্তিকের সঙ্গে ওই তরুণীর প্রথম আলাপ হয় এবং ধীরে ধীরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু কিছুদিন পরেই তরুণী জানতে পারেন, কার্তিকের অতীত মোটেও স্বাভাবিক নয়। তার নামে গোটা তামিলনাড়ু জুড়ে একাধিক অপরাধমূলক মামলা ঝুলছে। পুলিশি তথ্য অনুযায়ী, খুন, ডাকাতি-সহ অন্তত ৩১টি গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

প্রেমিকের এই অন্ধকার জগতের কথা জানতে পেরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন তরুণী। কিন্তু কার্তিক সেই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সে ক্রমাগত ওই তরুণীকে মানসিকভাবে হেনস্থা করতে থাকে। যোগাযোগ রাখার জন্য লাগাতার চাপ দিতে থাকে। শেষমেশ তরুণী পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়ায় আক্রোশের বশে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে সে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। নারী নিরাপত্তা এবং মহিলাদের ওপর হওয়া অবিচার নিয়ে বরাবরই জনসমক্ষে সরব হয়েছেন রবীনা। এই মর্মান্তিক দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। এই ধরনের অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এরা যেন আর কখনও সূর্যের আলো না দেখে!” তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও তাঁর সঙ্গে সহমত পোষণ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও অনেক মেয়েকে কতটা ভয়ের মধ্যে দিন কাটাতে হয়।

 

বর্তমানে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কাজের জগতে রবীনাকে খুব শীঘ্রই অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত এবং সুনীল শেট্টির সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome To The Jungle) ছবিতে বড় পর্দায় দেখা যাবে।

Follow Us