
অভিনেত্রী, ক্যাফে কর্ণধার, সঞ্চালক স্বরলিপি এক অদ্ভুত সমস্যায় পড়েছেন। তিনি নিজের নামের সঙ্গে পদবি ব্যবহার করেন না। তাঁর বিয়ে হয়েছিল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের বিচ্ছেদ হয়। মেয়ে বড় হচ্ছে স্বরলিপির কাছে। স্বরলিপি চান না, তাঁর মেয়ে সহচরী বাবা বা মা কারও পদবি ব্যবহার করুন।
কিন্তু কলকাতা কর্পোরেশনের কাছে সেই আবেদন করলেও, তাঁদের তরফে সাড়া মিলছে না। TV9 বাংলাকে স্বরলিপি জানালেন, ”আমি মেয়ের ছ’ মাস বয়সে বার্থ সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। তখন বলা হয়েছিল, ডিভোর্স না হলে এটা করা যাবে না। আমার ডিভোর্স হওয়ার পর আবার যাই। অনেকের সাহায্য নিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করি। তিনি একজন ইন্সপেকটরের সঙ্গে আলোচনা করতে বলেন। এর আগে যখন কর্পোরেশনে যাই, আমাকে কিছুজন ভীষণ অপমান করেন। বলেন, ”বর খেদিয়ে পাঠিয়ে দিয়েছে! বর এসে তারপর ঝামেলা করবে। কে জানে আদৌ জিভোর্স হয়েছে কিনা’। এসব বলার পর জানানো হয়, এই আইন নেই। যাই হোক, তারপর ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার পর, ওঁরা আমার পদবিটাকে মেয়ের পদবি করে দিচ্ছিল। কিন্তু আমি বলেছি, মেয়ের কোনও পদবিই চাই না। সেটা আমাকে এখনও করে দেওয়া হয়নি।”
স্বরলিপি যোগ করলেন, ”সিঙ্গল পেরেন্টদের এটা খুবই কষ্টের জায়গা। আমি নিজের রোজগারে মেয়েকে বড় করছি। কিন্তু তার পদবি বাবার পদবি হয়ে আছে। মেয়ের ন’ বছর বয়স হয়েছে। যেহেতু মেয়ের জন্মের সময়ে আমি বিবাহিত ছিলাম, তাই নাকি এটা সম্ভব নয়। আমি বিবাহিত না হলে, এটা নাকি সম্ভব হত।”
লক্ষণীয় অনেকে পদবি ব্যবহার করতে চান না। অনেকে বাবা বা মায়ের নাম, নিজের নামের পরে ব্যবহার করেন। যেমন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী বাবার পদবি বাদ দিয়ে, চিত্রাঙ্গদা শতরূপা নামটি ব্যবহার করেন। স্বরলিপি এক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের সহযোগিতা পাবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।