
‘বিগ বস’-এর ঘরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। ‘টিকিট টু ফিনালে’-র লড়াইয়ে জীতু কমল ও সৌরভ দাসের মুখোমুখি টাস্ককে কেন্দ্র করে তোলপাড় নেটদুনিয়া। খেলার মাঝে ঘটে যাওয়া এক কাণ্ডের পর চুপ থাকতে পারেননি সৌরভের স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিক। এর আগে সোশ্যাল মিডিয়ায় ইংরেজি অক্ষরে ‘জে’ লিখে “এটা লজ্জাজনক” মন্তব্য করলেও নাম না করায় নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে কটাক্ষের তীর কার দিকে। এবার টিভি নাইন বাংলার কাছেই এই ঘটনা ও সৌরভের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন দর্শনা।
পুরো বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দর্শনা জানান, এ বিষয়ে তিনি মূলত সৌরভকে নিয়েই কথা বলতে চান। সৌরভের খেলার ধরন ও ধৈর্যের প্রশংসা করে দর্শনা বলেন, “আমি এ প্রসঙ্গে সৌরভকে নিয়েই কথা বলতে পারব। আমি সৌরভকে নিয়ে খুবই গর্বিত, ও যেভাবে খেলাটা দেখেছে— যে অন্য প্রতিযোগীর থেকে এক মিনিট বেশি হলেও বসে থাকব, ও খুব ধৈর্যশীল ছিল। বিগ বসও তো তাই বলল। এতদিন পর্যন্ত যে খেলাটা খেলছে, দেড় মাসে সবার সঙ্গে ব্যালেন্স রেখে চলে। আসলে বিগ বস তো শুধুই লড়াই, ঝগড়ার খেলা তো নয়, সবার সঙ্গে ব্যালেন্স করে চলা। সেদিক থেকে দেখলে সৌরভ উইনার!”
টাস্ক চলাকালীন সৌরভের আঘাত পাওয়ার খবরে চিন্তিত ছিলেন দর্শনা। ঘটনার পরপরই খোঁজখবর নেন তিনি। দর্শনার কথায়, “খারাপ তো লেগেইছে। সঙ্গে সঙ্গেই আমি খবর নিয়েছি। টিটেনস নিয়েছে। চিকিৎসা করা হয়েছে।”
তবে এখানেই শেষ করেননি দর্শনা, শোয়ের ভেতরের পরিবেশ ও প্রতিযোগীদের আচরণ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দর্শনা। তবে সরাসরি জীতু কমলের নাম নেননি দর্শনা। তবে যা বলেছেন, ইঙ্গিত একেবারেই যে জীতুর দিকে তা স্পষ্ট। তাঁর মতে, বিগ বসের ঘরের নানা পরিস্থিতিতে মানুষের প্রকৃত স্বভাব সামনে চলে আসে। দর্শনা বলেন, “বিগ বস হাউজে আসল চেহারাগুলো বেরিয়ে আসছে, কে কীরকম, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কার কীরকম সব বেরিয়ে পড়ছে।”
ঠিক কী ঘটেছিল?
‘টিকিট টু ফিনালে’-র শেষ টাস্কে মুখোমুখি হয়েছিলেন জীতু ও সৌরভ। নিয়ম ছিল বেশ সোজা। দু’জনকে পাশাপাশি একটি রিকশায় বসে থাকতে হবে। ঘরের বাকিরা নানাভাবে তাঁদের বিরক্ত করবেন। যেমন অনুশ্রী শুকনো লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দিলেন, রাজবীর দু’জনের হাতে ফোম মাখালেন। তবে কড়া নিয়ম ছিল, কোনওভাবেই কাউকে বা রিকশাটিকে ধাক্কা দেওয়া যাবে না।
খেলার মাঝে জীতু নাকি ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে কথা দিয়েছিলেন, তিনি নিজে থেকেই হেরে যাবেন। সৌরভ অবশ্য তাঁকে এমনটা করতে বারণ করেন। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। সৌরভ একটু নীচের দিকে ঝুঁকতেই সুযোগ বুঝে তাঁকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। ধাক্কা দেওয়ার আগে ‘সরি সৌরভ’ বলতেও শোনা গিয়েছে তাঁকে। রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়েন সৌরভ। কেটে যায়, চোটও পান তিনি। রাগে ও যন্ত্রণায় প্রথমে মেজাজ হারালেও, শেষে খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে জীতুর সঙ্গে হাত মিলিয়ে সরে যান সৌরভ।