
প্রথম কন্যা আশীর্বাদ সম। তাই নাম রেখেছেন দুয়া। দুই বছরে পা দিতে না দিতেই, ঘর আলো করে এসেছে আরেক রাজকন্যে। দুয়ার বোন। অবশেষে দ্বিতীয় কন্যার কী নাম রেখেছেন, তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জানালেন, তাঁদের দ্বিতীয় কন্যার নাম দেবী পাড়ুকোন সিং। নিজেদের ভরা সংসারের ছবিও পোস্ট করেছেন, যেখানে দুয়া তাঁর ছোট্ট বোনকে আদরের চুুমু এঁকে দিচ্ছে।
নবরাত্রি উৎসবের মাঝেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজেদের মেয়ের নামের ঘোষণা করলেন রণবীর-দীপিকা। যৌথভাবেই তাঁরা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। ছবিতে গোটা পরিবারকেই সোনালি রঙের পোশাকে দেখা যায়। দেবীকে কোলে নিয়ে রেখেছেন দীপিকা, আর মা-বাবার মাঝে বসে ছোট বোনের কপালে চুমু খাচ্ছে বড় দিদি দুয়া।
তাঁরা এই ছবি পোস্ট করতেই সোশ্য়াল মিডিয়া শুভেচ্ছার বন্যায় ভাসছে। হুমা কুরেশি থেকে ভূমি পেডনেকর, সঞ্জয় কাপূর, বীর পাহাড়িয়া -সকলে শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউডের অন্যতম হিট জুটি দীপিকা-রণবীর। রামলীলার সেটে তাঁদের পর্দার রোম্যান্স বাস্তবের রূপ নেয়। এরপর দীর্ঘদিন ধরে চুপি চুপি প্রেম। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েন দীপবীর। সিন্ধি ও কোঙ্কনি রীতিতে বিয়ে হয় দুইদিন ধরে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোলে আসে প্রথম কন্যা, আদর করে নাম রাখেন দুয়া। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় কন্যা জন্মগ্রহণ করে। ছোট কন্যার নাম রাখলেন দেবী।