বিপাকে সলমন খান, মুম্বই যাচ্ছে রাজস্থান পুলিশের বিশেষ টাস্ক ফোর্স! আচমকা কী ঘটল?

প্যান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনী বিতর্কে বলিউড মহাতারকা সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল আদালত। বারবার সমন এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন রাজস্থান পুলিশকে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে সরাসরি মুম্বই হানা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিপাকে সলমন খান, মুম্বই যাচ্ছে রাজস্থান পুলিশের বিশেষ টাস্ক ফোর্স! আচমকা কী ঘটল?

|

Mar 26, 2026 | 4:46 PM

কথায় বলে, ‘আইন সবার জন্য সমান’। সেই আপ্তবাক্যকেই আরও একবার স্মরণ করিয়ে দিল রাজস্থানের জেলা উপভোক্তা কমিশন। প্যান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনী বিতর্কে বলিউড মহাতারকা সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল আদালত। বারবার সমন এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন রাজস্থান পুলিশকে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে সরাসরি মুম্বই হানা দেওয়ার নির্দেশ দিয়েছে।

অভিযোগের তির সলমন খান ও একটি নামী প্যান মশলা প্রস্তুতকারক সংস্থার দিকে। অভিযোগকারী যোগেন্দ্র সিংয়ের দাবি, ‘কেশর যুক্ত এলাচি’ ও ‘কেশর যুক্ত প্যান মশলা’র নামে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে। শুধু তাই নয়, কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞাপনী প্রচারের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও তা মানা হয়নি। এই অবাধ্যতাকেই ‘আদালত অবমাননা’ হিসেবে দেখছে কমিশন।

আদালত সূত্রে খবর, গত ১৫ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ— তিন দফায় সলমন খান ও সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিনেতা। এই টালবাহানায় কমিশনের স্পষ্ট পর্যবেক্ষণ— “সেলিব্রিটি বা সুপারস্টার হওয়া মানেই আইনের ঊর্ধ্বে থাকা নয়। বারবার ওয়ারেন্ট অমান্য করা আসলে বিচারব্যবস্থাকে উপহাস করা।”

আগামী ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজস্থান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ দল পাঠিয়ে অভিনেতাকে যেন আইনের মুখোমুখি করা হয়। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ওইদিনও যদি অভিযুক্তরা সশরীরে হাজির না হন, তবে তাঁদের বিরুদ্ধে সরাসরি ‘অ-জামিনযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

 

Follow Us