
মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) তখন সাজ সাজ রব। কিন্তু সব ক্যামেরার লেন্স ঘুরে গেল যখন সেখানে প্রবেশ করলেন বলিউডের ‘ধুরন্ধর’ সুপারস্টার রণবীর সিং। তবে একা নন, তাঁর সঙ্গে ছিল একরত্তি মেয়ে দুয়া সিং পাড়ুকোন। উপলক্ষ্য? দুয়ার জীবনের প্রথম লাইভ মিউজিক্যাল শো। দেড় বছরের দুয়াকে নিয়ে সম্প্রতি ‘কোকোমেলন’ (CoComelon Sing-A-Long LIVE) শো দেখতে গিয়েছিলেন রণবীর। আর সেই বিশেষ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিটিয়োতে রণবীরকে দেখা গিয়েছে একেবারে এক জন আদর্শ বাবার মেজাজে। মেয়ের জীবনের এই প্রথম লাইভ অভিজ্ঞতা নিয়ে তাঁর উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। রণবীর আবেগপ্রবণ কণ্ঠে বললেন, “আমাদের জন্য এটা একটু বেশিই স্পেশ্যাল, কারণ এটা আমাদের দুয়ার প্রথম শো। আমি NMACC টিমের কাছে কৃতজ্ঞ এমন সুন্দর সুযোগ সারা বিশ্ব থেকে আমাদের শহরে নিয়ে আসার জন্য। এর ফলে আমরা কিছু সুন্দর স্মৃতি তৈরি করতে পারছি।”
খবরটি শুধু শো দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই। সিং-পাড়ুকোন পরিবারে এখন খুশির ডবল ডোজ! গত সপ্তাহেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর দিয়েছেন। একটি অত্যন্ত সুন্দর ছবির মাধ্যমে তাঁরা এই ঘোষণা করেছেন, যেখানে দেখা গিয়েছে ছোট্ট দুয়া একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট কিট ধরে আছে। এই ছবি যেন বুঝিয়ে দিচ্ছে, দিদি হওয়ার জন্য দুয়াও এখন থেকেই তৈরি!
২০১২ সালে ‘রাম-লীলা’ ছবির সেটে শুরু হয়েছিল তাঁদের প্রেমকাহিনী। তারপর ২০১৮-তে রূপকথার মতো বিয়ে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে আসে প্রথম সন্তান দুয়া। ‘দুয়া’ শব্দের অর্থ হল প্রার্থনা— দীপিকা ও রণবীরের মতে, এই একরত্তি তাঁদের জীবনের সব প্রার্থনার উত্তর।
রণবীর এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’ নিয়ে চর্চায় থাকলেও, শত ব্যস্ততার মাঝেও মেয়ের সঙ্গে সময় কাটাতে তিনি যে ভোলেন না তা এই ভাইরাল ভিডিয়োই প্রমাণ করে। এক দিকে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর, অন্য দিকে দুয়ার প্রথম মিউজিক্যাল শো— সব মিলিয়ে ‘দীপবীর’-এর সংসারে এখন কেবলই উৎসবের মেজাজ।