Rani Mukhopadhyay: মুখোপাধ্যায় বাড়ির পুজোয় নেই রানি! চোখের জলে ভাসল মুখোপাধ্যায় পরিবার

Krishna Mukhopadhyay death: প্রতি বছর মুখোপাধ্যায় বাড়ির পুজো মানেই মধ্যমণি রানি মুখোপাধ্যায়। কিন্তু এ বছর ছবিটা একেবারেই আলাদা, মণ্ডপে দেখা মিলল না অভিনেত্রীর। গত ২২ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মহাসপ্তমীতে তাঁর স্মৃতিতেই আবেগপ্রবণ গোটা পরিবার।

Rani Mukhopadhyay: মুখোপাধ্যায় বাড়ির পুজোয় নেই রানি! চোখের জলে ভাসল মুখোপাধ্যায় পরিবার
কী ঘটেছে?

Oct 19, 2026 | 2:43 PM

নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসব। প্রতি বছর এই পুজো মানেই তারকাদের মেলা। আর উৎসবের অন্যতম আকর্ষণ রানি মুখোপাধ্যায়। নিজের হাতে অতিথিদের ভোগ পরিবেশন করা থেকে শুরু করে ঢাকের তালে নাচ, সবই দেখা যায় প্রতি বছর। কিন্তু এবারের ছবিটা একেবারেই আলাদা। পুজোর আনন্দ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। মণ্ডপে তাঁর কোনও দেখা মেলেনি। কারণ, গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। মায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার।

উৎসবের আবহেও রানির মাকে ভোলেনি পরিবার। রবিবার মহাসপ্তমীর দিন পুজো কমিটির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৃষ্ণা দেবীর প্রতি একটি আবেগঘন ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানে পরিবারের এক সদস্য আবেগপ্রবণ হয়ে তাঁকে পরিবারের মূল স্তম্ভ এবং কাছের বন্ধু হিসেবে স্মরণ করেন। এমন আচমকা চলে যাওয়ায় সকলে কার্যত বাকরুদ্ধ। ছবিতে পুষ্পবৃষ্টি করে পরিবারের সদস্যরা তাঁকে শ্রদ্ধা জানান। ভিডিয়োটিতে পরিবারের সঙ্গে কাটানো কৃষ্ণা দেবীর একাধিক আনন্দঘন মুহূর্ত তুলে ধরা হয়। তবে মায়ের এই বিশেষ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রানি।

মায়ের মৃত্যুর পর পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন কৃষ্ণা মুখোপাধ্যায়। এই কঠিন সময়ে অনুগামীদের প্রার্থনা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার। সেই সঙ্গে শোকের এই মুহূর্তে কিছুটা ব্যক্তিগত পরিসরও চাওয়া হয়েছে। শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন করণ জোহর, শাহরুখ খান, গৌরী খান, আলিয়া ভাট, অয়ন মুখোপাধ্যায়ের মতো তারকারা।

মা ছাড়া রানির বলিউড যাত্রা হয়তো কখনও সম্ভব হত না। বাবা রাম মুখোপাধ্যায় পেশায় পরিচালক হলেও, মেয়ে ছবিতে আসুক তা তিনি একেবারেই চাননি। রানিকে অভিনয়ের জগতে ঠেলে দিয়েছিলেন তাঁর মা-ই। প্রথম শট দেখে মা এতটাই হতাশ হয়েছিলেন যে প্রযোজককে সটান জানিয়েছিলেন, মেয়ে নাকি গোটা ছবিটাই নষ্ট করে দেবে!

চলতি বছরের শুরুতে করণ জোহরের সঙ্গে এক আড্ডায় অভিনেত্রী তাঁর শুরুর দিকের লড়াইয়ের কথা খোলসা করেন। তিনি জানান, সিনেমা পরিবারের মেয়ে হলেও তখন আর্থিক পরিস্থিতি খুব একটা সচ্ছল ছিল না। সংসারের হাল ধরতেই প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এর প্রস্তাব মা গ্রহণ করেছিলেন। হয়তো আর্থিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই মা এই পথ বেছে নিয়েছিলেন, যা সেই সময় বোঝা সম্ভব হয়নি। প্রথম ছবি বক্স অফিসে ব্যর্থ হলেও রানি আর পিছনে ফিরে তাকাননি। ‘গুলাম’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর হাত ধরে তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথম সারির তারকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us