
রাজপাল যাদব (Rajpal Yadav) যখন হাসপাতালে গিয়েছিলেন, তখন তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এটাই তাঁদের শেষ দেখা। নব্বইয়ের দশক থেকে বলিউডের অত্যন্ত পরিচিত মুখ মুশতাক খান (Mushtaq Khan)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তবে সবচেয়ে বড় আঘাত বোধহয় পেয়েছেন রাজপাল যাদব। কারণ, মৃত্যুর মাত্র ২ ঘণ্টা আগেই তিনি হাসপাতালে গিয়েছিলেন অভিনেতার সঙ্গে দেখা করতে। সেই মুহূর্তেরই একটি ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে চোখে জল সবার।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে মুশতাক। চোখে-মুখে স্পষ্ট অসুস্থতার ছাপ। আর পাশে দাঁড়িয়ে অনবরত তাঁকে সাহস জুগিয়ে চলেছেন বন্ধু রাজপাল। রাজপালকে বলতে শোনা যায়, “ফুসফুস, হার্ট সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি।” অত্যন্ত দুর্বল শরীরেও বন্ধুর হাতটা শক্ত করে ধরে ছিলেন মুশতাক। মন দিয়ে শুনছিলেন সব কথা, সাড়াও দিচ্ছিলেন। এই দৃশ্য দেখার পর ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেননি যে আর কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে।
রাজপালের আবেগঘন পোস্ট
প্রিয় বন্ধুকে চিরকালের মতো হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন রাজপাল। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। অভিনেতা লিখেছেন, “আজ দুপুরে আমি মুশতাকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে দেখলেন, আমার হাত ধরলেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, মাত্র ২ ঘণ্টা আগে আমি যাঁর সঙ্গে হাত মেলালাম, তিনি আর আমাদের মধ্যে নেই।” ঈশ্বরের এমন কঠোর সিদ্ধান্তের কাছে যে সবাই মাথা নত করতে বাধ্য, সে কথাও জানিয়েছেন রাজপাল।
বেশ কয়েক দিন ধরেই লিভার ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এই জনপ্রিয় অভিনেতা। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। রাখা হয়েছিল আইসিইউ-তে। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র ৫৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘ওয়েলকাম’-এর মতো একাধিক সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় দর্শক কোনও দিনও ভুলবে না। কমেডি হোক বা সিরিয়াস চরিত্র, অল্প সময়ের জন্য পর্দায় এলেও তিনি দর্শকদের মনে ঠিক জায়গা করে নিতেন। মুশতাকের এই অকাল প্রয়াণে গভীর শূন্যতা তৈরি হয়েছে বলিউডে।