
আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ট্রোলিং বা বয়কটের ডাক শুনেই অনেকে ভাবেন বলিউডের তারকাদের কত বিপদ! কিন্তু নব্বইয়ের দশকের শুরুর দিকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ছিল আরও ভয়ংকর। তখন গ্ল্যামারের ঝকঝকে পর্দার আড়ালে দাপিয়ে বেড়াত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। এবার সেই হাড়হিম করা দিনগুলো নিয়েই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ফারহা খান। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি খোলসা করেছেন যে, খোদ শাহরুখ-সলমন এবং আমির খানও সেই সময়ে অন্ধকার জগতের নিশানায় ছিলেন।
তিন খানের সঙ্গে কী ঘটেছিল?
সেই পডকাস্টের সাক্ষাৎকারে ফারহা স্বীকার করে নিয়েছেন যে, নব্বইয়ের দশকে বলিউডের তিন স্তম্ভ— শাহরুখ, সলমন এবং আমিরকে রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছিল। তবে শাহরুখের কাছে সরাসরি কোনও উড়ো ফোন এসেছিল কি না, তা নিয়ে ফারহা ১০০ শতাংশ নিশ্চিত নন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে তখন যে প্রবল ভয় কাজ করত, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। আসলে সেই সময়ে বলিউড যখন বিশাল বড় ব্যবসায়িক জায়গা হয়ে উঠছে, ঠিক তখনই মাফিয়াদের নজর পড়েছিল তাদের রাজত্বের ওপর।
করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রিমিয়ারের ভয়ানক গল্প ভাগ করে নিয়েছেন ফারহা। ফারহা জানান, সেই সময়ে আন্ডারওয়ার্ল্ডের হুমকির কারণে করণ এতটাই ভেঙে পড়েছিলেন যে বর্ণনা করা কঠিন। ভাবুন তো, একজনের প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে, চারদিকে বিশাল আয়োজন, অথচ পরিচালক ভাবছেন প্রিমিয়ারে গেলে প্রাণটা থাকবে তো? ফারহার কথায়, “আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে আদতেও প্রিমিয়ার করা ঠিক হবে কি না। করণ খুব টেনশনে ছিল।” শেষমেশ কড়া পুলিশের ঘেরাটোপে প্রিমিয়ার হয়েছিল ঠিকই, কিন্তু সেই রাতের আতঙ্ক আজও অনেকের মনে গেঁথে রয়েছে।
শুধু করণ বা তিন খান নন, সেই সময়ে বহু নামী প্রযোজককে তোলা চেয়ে হুমকি দেওয়া হত। কেউ টাকা দিতে রাজি না হলে চলত হামলা। ‘ডুপ্লিকেট’ ছবির শুটিংয়ের কথা মনে করলেও এখনও শিউরে ওঠেন অনেকে। তবে এত বাধা আর প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও শাহরুখ-সলমনরা কিন্তু কাজ থামিয়ে রাখেননি। বরং সেই লড়াইটা জিতেই আজ তাঁরা মহাতারকা।