Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা থেকে কত টাকা পেলেন?’ মুখ খুলে কী বললেন ভরত?

বিগ বসের (Bigg Boss Bangla) ঘর থেকে বিদায় নেওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, এত দিন দুর্গে আটকে থেকে ঠিক কত টাকা পারিশ্রমিক পেলেন ভরত কল (Bharat Kaul)? সম্প্রতি ফেসবুক লাইভে অনুরাগীদের সঙ্গে আড্ডায় এই প্রশ্নের মুখোমুখি হয়েই মুখ খুললেন অভিনেতা। পারিশ্রমিকের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিগ বসের দুর্গের অনেক অজানা গল্প এবং নিজের পছন্দের 'টপ ফাইভ' প্রতিযোগীর নামও প্রকাশ্যে আনলেন তিনি।

Bigg Boss Bangla: বিগ বস বাংলা থেকে কত টাকা পেলেন? মুখ খুলে কী বললেন ভরত?
কী বলেছেন তিনি?

Nov 02, 2026 | 2:35 PM

বিগ বসের (Bigg Boss Bangla) দুর্গে ঢোকা মানেই বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া। টানা তিন মাস মোবাইল ফোন, পরিবার বা সোশাল মিডিয়া ছাড়া কাটানো মুখের কথা নয়! অনেক দর্শকদের মনে প্রশ্ন জাগে, এত ত্যাগ স্বীকার করে তারকারা আসলে কত টাকা পকেটে পুরছেন? প্রতিযোগীদের পারিশ্রমিকের অঙ্কটা নিয়ে দর্শকদের কৌতূহল সব সময়ই তুঙ্গে থাকে। সম্প্রতি বিগ বস বাংলা থেকে বিদায় নিয়েছেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)। শো থেকে বেরিয়েই তাঁকে মুখোমুখি হতে হল এই চিরাচরিত প্রশ্নটির। আর উত্তর দিতে গিয়ে রীতিমতো মেজাজ হারালেন অভিনেতা।

গত সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বাদ পড়েছেন ভরত কল। চেনা ছন্দে ফিরে অনুরাগীদের সঙ্গে আড্ডা দিতে সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। সেখানে বিগ বসের বাড়ির নানা অজানা গল্প, নিজের অভিজ্ঞতা, সবই খোশমেজাজে শেয়ার করছিলেন অভিনেতা। ভরত বেরিয়ে যাওয়ায় যে বহু দর্শকের মন খারাপ, তা লাইভের কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট হয়। লাইভের কমেন্ট বক্সে এসে অনেকেই অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। শুধু দর্শক নন, ‘দাদার দরবার’-এ খোদ দাদার কথাতেও অনেকের মনে হয়েছে, তিনি ভরতকে মিস করছেন।

ফ্যানদের সঙ্গে আড্ডা বেশ জমেই উঠেছিল। কিন্তু এর মাঝেই এক অনুরাগী হঠাৎ সরাসরি প্রশ্ন করে বসেন, “কত টাকা পেলেন প্লিজ জানাবেন?” ব্যস, এই এক প্রশ্নেই মেজাজ বিগড়ে যায় অভিনেতার। বিরক্তি গোপন না করেই ভরত কড়া ভাষায় জবাব দেন, “আরে ভাই, আপনি কি ইনকাম ট্যাক্সের অফিসার নাকি? আপনাকে কেন বলতে যাব কত টাকা পেয়েছি?” এরপর তিনি আরও যোগ করেন, “এরকম ভাবে বলা যায় নাকি! আর বলবই বা কেন?” অভিনেতার এমন চাঁছাছোলা উত্তরে লাইভের কমেন্ট বক্সে পারিশ্রমিক নিয়ে আলোচনা থামলেও, কৌতূহল মেটেনি অনেকের। লাইভ চলাকালীন আরও এক নেটিজেন অন্যান্য প্রতিযোগীদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন করে বসেন। অন্যের আয় নিয়ে এমন অবাঞ্ছিত কৌতূহল দেখে আরও বিরক্ত হন ভরত।

তবে পারিশ্রমিক নিয়ে রাগলেও, শোয়ের অন্যান্য বিষয় নিয়ে বেশ খোলামেলা আড্ডা দিয়েছেন অভিনেতা। বিগ বস বাংলার এবারের সিজনে তাঁর পছন্দের ‘টপ ফাইভ’ কারা, তা-ও খোলসা করেছেন তিনি। ভরতের মতে ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার হলেন জিতু, রাজবীর, দুর্নিবার, নিরঞ্জন এবং সোনামণি। টাকার অঙ্ক নিয়ে মুখ না খুললেও, ভরতের এই টপ ফাইভের তালিকা নিয়ে আপাতত বিগ বস অনুরাগীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us