Exclusive: এক বছরে শ্রীময়ীর এত বদল? প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে নিয়ে কী বললেন কাঞ্চন
Kanchan-Sreemoyee: ভ্যালেন্টাইন্স ডে-টা তাঁর কাছে আর পাঁচটা জুটির থেকে একটু বেশি স্পেশাল। এই বিশেষ দিনে কী প্ল্যান? কেমন কাটল একটা বছর? কেমন আছেন তাঁরা? জানতে TV9 বাংলা কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করলে তিনি হাসি মুখে প্রথমেই বলেন, 'আমরা ভাল আছি...'।

২০২৪-এ প্রেমদিবসে তিনি এক থেকে হয়েছিলেন দুই। আর এবছর তিন জনের পরিবার। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের প্রথম বিবাহ বার্ষিকী। তাই ভ্যালেন্টাইন্স ডে-টা তাঁর কাছে আর পাঁচটা জুটির থেকে একটু বেশি স্পেশাল। এই বিশেষ দিনে কী প্ল্যান? কেমন কাটল একটা বছর? কেমন আছেন তাঁরা? জানতে TV9 বাংলা কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করলে তিনি হাসি মুখে প্রথমেই বলেন, ‘আমরা ভাল আছি…’।
আজ কী প্ল্যান?
আজ তো শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, সঙ্গে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীও। তবে তেমন কোনও প্ল্যান নেই। বাড়িতেই ওই দু-একজন কাছের মানুষেরা আসবেন। তাঁদের নিয়েই একটা ঘরোয়া অনুষ্ঠান। আড্ডা মারব।
একটা বছর কেমন কাটল?
খুবই ভাল কেটেছে। ঘটনা বহুল বছর। বিয়ে হতে না হতেই কৃষভির আগমন। আমাদের দু’জনেরই কাছে এখন সেরা ভ্যালেন্টাইন কৃষভি। তাকে নিয়েই এখন আমাদের জগত সংসার। দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেল টের পাইনি।
বান্ধবী থেকে স্ত্রী, শ্রীময়ীর মধ্যে কী কোনও বদল লক্ষ্য করলেন?
বান্ধবী থেকে স্ত্রী থেকে মা হয়ে উঠতে দেখেছি ওকে এই এক বছরে। আর এই জার্নিটা একমাত্র একটা মেয়েরাই পারেন। চোখের সামনে আমিও দেখলাম। পুরুষ হয়ে দর্শকের মতো দেখতে পারি, পাশে থাকতে পারি, উৎসাহ দিতে পারি, ভালবাসতে পারি। যেভাবে এক নারী মা হয়ে ওঠেন, সেটা একটা পুরুষের পক্ষে কখনই সম্ভব নয়। এটা একমাত্র মহিলারাই পেড়ে এসেছেন।
এই এক বছর লড়াই-ও তো অনেক? কোথাও গিয়ে ধৈর্য্য হারায়নি?
আমার থেকে ২০০ শতাংশ বেশি ট্রোলিং, মিম ওকে সহ্য করতে হয়েছে। এত কিছুর পরও ও আমার কাছ ছেড়ে যায়নি, পাশ ছেড়ে যায়নি। সেই জন্য ওকে আমি সব সময় এগিয়ে রাখব। শিরদাঁড়া সোজা রেখে লড়ে গেছে। এক বটবৃক্ষের মতো আমায়-কৃষভিকে ছায়া দিয়ে চলেছে, আগলে রেখেছে। আর কী চাই?
এই বিশেষ দিনে শ্রীময়ীকে কী বলবেন?
তোমরা ভাল থেকো। তোমরা সুস্থ থেকো।
