Katrina Kaif Son Vihaan First Photo: মাতৃদিবসে প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাট-ভিকি, কী বিশেষ উপহার পেয়েছেন ক্যাটরিনা?
Katrina Kaif first Mother's Day celebration with son Vihaan: ক্যাটরিনা কাইফ তাঁর প্রথম মা দিবসে ছেলে বিহানের প্রথম ঝলক শেয়ার করলেন। সঙ্গে ছিল স্বামী ভিকি কৌশলের দেওয়া এক বিশেষ সারপ্রাইজ।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এখন কেবল বলিউডের গ্ল্যামার কুইন নন, তিনি এখন এক খুদের মা। গত বছর মা হওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন নিজের সন্তানকে। কিন্তু ২০২৬-এর মা দিবসটা তো বিশেষ হওয়ারই ছিল। প্রথমবার মা হওয়ার আনন্দ আর স্বামী ভিকি কৌশলের মিষ্টি সারপ্রাইজ- সব মিলিয়ে নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলে দিলেন ক্যাট। ছেলের নাম যে ‘বিহান’, তা আগে জানা গেলেও, মা দিবসের পুণ্যলগ্নে প্রথমবার তার ছোট্ট হাতের ছোঁয়া প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। যদিও ছবিতে খুদের হাত দেখা গেলেও মুখ দেখা যায়নি।
ক্যাটরিনা মাতৃদিবসের এই বিশেষ দিনে এক গুচ্ছ অদেখা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। যেই ছবিতে দেখা যাচ্ছে নরম চাদরে শুয়ে আছে ছোট্ট বিহান। তবে তার মুখ নয় তার ছোট্ট ছোট্ট হাত মুঠোফোন বন্দি করেছেন ক্যাট। সেই ছোট্ট হাত দিয়ে বিহান আকড়ে ধরেছে ছোটোদের বই ‘দ্য ভেরি হাংরি ক্যাটারপিলার’। এই একটি ছবিই বলে দিচ্ছে মাতৃত্বের জার্নি কতটা চুটিয়ে উপভোগ করছেন ক্যাটরিনা। অভিনেত্রী এই ছবিগুলো সোশাল মিডিয়ায় ভাগ করে লিখেছেন ‘সুখী মায়ের গৃহকোণ’।
View this post on Instagram
তবে শুধু ছোট্ট বিহানই নয়, অভিনেত্রীর এই বিশেষ দিন আরও বিশেষ করে দিয়েছেন তাঁর স্বামী ভিকি কৌশল। মা দিবসের সকালে স্ত্রীর জন্য একগুচ্ছ গোলাপ আর একটি হাতে লেখা চিরকুট পাঠিয়েছিলেন ভিকি। সেই কার্ডে লেখা ছিল, “শুভ প্রথম মা দিবস আমার ভালোবাসা! ইতি- বিহান ও পাপা কৌশল।” ভিকির এই ছোট্ট কিন্তু গভীর ভালোবাসার ছোঁয়া দেখে আপ্লুত নেটিজেনরা। পর্দার নায়ক যে বাস্তবে কতটা রোমান্টিক এবং দায়িত্বশীল বাবা, তা আবারও প্রমাণিত হল।
২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে জাঁকজমকপূর্ণ বিয়ের পর থেকেই এই জুটি সংবাদ শিরোনামে থাকতেন। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে যখন তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন, তখন থেকেই ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। গত নভেম্বরে তাঁদের কোলে আসে পুত্রসন্তান। যদিও তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন, তবুও মা দিবসের এই বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করেননি ক্যাটরিনা। এই পোস্টে টলিউড থেকে বলিউড- সব তারকারাই ভালোবাসা জানিয়েছেন। করিনা কাপুর খান থেকে শুরু করে আলিয়া ভাট, কিয়ারা আদভানিরা এই নতুন মা ও ছেলের জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
