AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lucknow Fire: প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ, দেওয়াল ভেঙে উদ্ধার ঝলসানো দেহ, লখনউয়ে কোচিং সেন্টারে আগুনের ঘটনায় মৃত বেড়ে ১৫

Lucknow Coachin Centre Fire Death: ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী-সহ আরও অনেকে।

Lucknow Fire: প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ, দেওয়াল ভেঙে উদ্ধার ঝলসানো দেহ, লখনউয়ে কোচিং সেন্টারে আগুনের ঘটনায় মৃত বেড়ে ১৫
বহুতলে আগুনImage Credit: PTI
| Updated on: Jun 23, 2026 | 7:25 AM
Share

লখনউ: তখন দুপুর। আর পাঁচটা দিনের মতোই ব্যস্ততা ছিল বহুতলটিতে। কোচিং সেন্টারে (Lucknow Animation Centre Fire) অ্যানিমেশন শিখছিলেন ছাত্র-ছাত্রীরা। আবার নীচ তলার পেট ক্লিনিকেও লোকজনের আনাগোনা চলছিল। কিন্তু মুহূর্তেই মধ্যেই বদলে গেল ছবিটা। প্রথমে ধোঁয়া, তার কিছুক্ষণেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ওই বহুতল। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ। সেইসঙ্গে গগনভেদী চিৎকার, কান্না আর বাঁচার আর্তি। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে ঝলসে যায় বহু তাজা প্রাণ। জানা গিয়েছে, আগুনের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh Fire) লখনউয়ের আলিগঞ্জ এলাকার ঘটনা।

দেওয়াল ভেঙে উদ্ধার করা হয় দেহ

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর প্রায় তিনটে নাগাদ পুরানিয়া এলাকার উষা মেহতা মার্গে অবস্থিত তিনতলা বিল্ডিংয়ে আগুন লাগে। ভবনের নিচতলায় ছিল একটি পেট শপ ও পেট ক্লিনিক (পোষ্যদের জন্য দোকান ও ক্লিনিক)। উপরতলায় চলত গেমিং ও অ্যানিমেশন সংক্রান্ত সফ্টওয়্যার ডেভেলপমেন্টের প্রশিক্ষণ কেন্দ্র। আগুন লাগার পরই মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা বিল্ডিং। প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, কেউ কেউ উপরতলা থেকে ঝাঁপও দেন। ইতিমধ্যেই সেইসব মর্মান্তিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। খবর পেয়েই দমকল, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত পর্যন্ত অভিযান চলেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উদ্ধারকারী দল পাশের বিল্ডিংয়ের ছাদ ব্যবহার করে ওই বিল্ডিংয়ে প্রবেশ করেন। শুধু তাই নয়, ভিতরে ঢোকার জন্য দেওয়ালও ভাঙা হয়।

মৃত্যুমিছিল

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্তত ২১ থেকে ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, তাঁদের মধ্যে ১৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে পুরুষ ১২ জন এবং মহিলা তিন জন বলে জানা গিয়েছে। সকলের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। যাঁরা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের মধ্যে দু’জনের মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে বলে খবর।

চার জন গ্রেফতার, ছয় জনের বিরুদ্ধে মামলা

মর্মান্তিক ঘটনায় সোমবার রাতেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রাম কৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা এবং তুষার কৃষ্ণ জয়সওয়াল। পুলিশ সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের মালিকানা তাঁদেরই। এছাড়া, ছয় জন অভিযুক্ত-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, বহুতলটি মূলত রেসিডেন্সিয়াল। কিন্তু, তা কমার্শিয়াল বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনাস্থল পরিদর্শনে রাজনাথ সিং

ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাসপাতালেও যান। আহতদের চিকিৎসার খোঁজ নেন। তিনি বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আরও জানান, মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

SIT গঠন করলেন যোগী

ঘটনার তদন্তে দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

আগুন কীভাবে লাগল?

পুলিশ ও দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিল্ডিংয়ে এসি থেকেই আগুন লাগে। মুহূর্তেই মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি নির্গমন পথ বা এমার্জেন্সি এক্সটি সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী-সহ আরও অনেকে।

Follow Us