AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Qatar LNG Explosion: কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয়, শোকপ্রকাশ দূতাবাসের

Indian death in Qatar LNG Explosion: দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে লেখা হয়, "রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

Qatar LNG Explosion: কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয়, শোকপ্রকাশ দূতাবাসের
কাতারে বিস্ফোরণ Image Credit: x
| Updated on: Jun 23, 2026 | 7:23 AM
Share

দোহা: কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে (Qatar LNG Gas Complex)  বিস্ফোরণের ঘটনায় মৃতদের অধিকাংশই ভারতীয় (Indian Death in Qatar)। সোমবার রাতেই ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy Qatar)। সম্প্রতি, কাতারের শিল্পনগরী রাস লাফানের গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। তাঁদের মধ্যে ১২ জনই ভারতীয় বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

কাতারের জ্বালানি মন্ত্রী ও কাতার এনার্জির প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় মৃতরা ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। বিস্ফোরণটি ঘটে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে। যা শিল্পনগরী রাস লাফানের অংশ। এটি কাতারের সবচেয়ে বড় LNG উৎপাদন ও রফতানি কেন্দ্র। তিনি আরও জানিয়েছেন, ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

বিস্ফোরণের তীব্রতা দোহা পর্যন্ত

রাস লাফান থেকে ৭০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত মধ্য দোহা। সেই পর্যন্ত বিস্ফোরণের কম্পন অনুভূত হয়। বহু বাড়ির জানালা কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল-কাবি জানান, এই দুর্ঘটনার ফলে কোনও পরিবেশগত ঝুঁকি তৈরি হয়নি এবং কাতারের LNG রফতানি কার্যক্রমও প্রভাবিত হয়নি।

তিনি বলেন, “এটি একটি দুর্ঘটনা। এর সঙ্গে কোনও নাশকতার সম্পর্ক নেই। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে প্ল্যান্টের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। মাত্র দু’দিন আগে এটি পুনরায় চালু করা হয়।”

শোকপ্রকাশ ভারতীয় দূতাবাসের

দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে লেখা হয়, “রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে সবরকম সাহায্য পৌঁছে দিতে আমরা কাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। নিহতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে।”

যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতেই নতুন বিপর্যয়

কাতারে এই বিস্ফোরণ এমন সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানের গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান-আমেরিকার যুদ্ধ চলাকালীন কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। সেই সংঘাতের সময় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ LNG সরবরাহ ব্যাহত হয়েছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বন্ধ থাকা এবং যুদ্ধের ক্ষতি থেকে পুনরুদ্ধার করা কোনও LNG প্রকল্পকে পুনরায় চালু করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। থার্মাল শক এড়াতে ধাপে ধাপে কুলডাউন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। একইসঙ্গে সমস্ত LNG ইউনিট একসঙ্গে চালু করা যায় না, বরং ধাপে ধাপে সেগুলি সচল করতে হয়।

কাতারের জ্বালানি উৎপাদনের অন্যতম কেন্দ্র

বারজান থেকে স্থানীয় শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহ করা হয়। পাশাপাশি এখান থেকে LPG এবং অন্যান্য পণ্যও রফতানি করা হয়। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি কাতারের প্রধান LNG উৎপাদন ও রফতানি কেন্দ্র। বছরে প্রায় ৭ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন LNG উৎপাদনের ক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চ মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানের দুটি প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে কাতারের LNG রফতানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছিল। ক্ষতি মেরামত করতে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।

Follow Us