Amitabh Bachchan: অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ আইনজীবীর! কী ঘটেছে?

Kaun Banega Crorepati: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে হঠাৎই আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন ও সংশ্লিষ্ট চ্যানেল! ঠিক কী এমন রয়েছে সেই দু’মিনিটের ভিডিয়োতে, যা নিয়ে এত শোরগোল? আর সেটি আদৌ আসল তো?

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ আইনজীবীর! কী ঘটেছে?
কী ঘটেছে বিগ বির সঙ্গে?

Nov 22, 2026 | 6:26 PM

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC 18)-কে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করেই মূলত এই চর্চার সূত্রপাত। সেই সূত্রেই অমিতাভ এবং চ্যানেলকে আইনি নোটিস পাঠিয়েছেন পঞ্জাবের সাঙ্গরুরের এক আইনজীবী। তবে যে ভিডিয়োটি নিয়ে এত কথা হচ্ছে, সেটি আদৌ অনুষ্ঠানের আসল অংশ কি না, তা নিয়ে এখনও বেশ ধোঁয়াশা রয়েছে।

কী দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিয়োতে?

সোশাল মিডিয়ায় প্রায় দু’মিনিটের একটি ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, কেবিসি-র মঞ্চে ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি ছিল, সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা ভয়ডর ছাড়াই পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে?

উত্তরের জন্য চারটি রাজ্যের নাম দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাব। ভিডিয়োটিতে দেখা যায়, প্রতিযোগী ৫০:৫০ লাইফলাইন নেওয়ার পর উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদ পড়ে যায়। এরপর অমিতাভের মুখে নাকি পঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে শোনা গিয়েছে বলে দাবি উঠছে।

কেন আইনি পদক্ষেপ নিলেন আইনজীবী?

পঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার কাছে দিন তিন-চারেক আগে তাঁর এক মক্কেল ওই ভিডিয়ো এবং কয়েকটি স্ক্রিনশট নিয়ে আসেন। বিষয়টি দেখার পরই তিনি অমিতাভ ও চ্যানেল কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেন।

আইনজীবীর মতে, কেবিসি সাধারণ জ্ঞানের অনুষ্ঠান। কিন্তু এই ধরনের প্রশ্ন সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় তৈরি হয়েছে। তাঁর আশঙ্কা, এমন প্রশ্ন একটি রাজ্যের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। সামনেই পঞ্জাবে ভোটের মরসুম, তাই এই সময়ে এমন ভিডিয়ো ছড়িয়ে পড়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আর্জি, জাতীয় সংবাদমাধ্যম থেকে ভিডিয়োটি দ্রুত সরানো হোক। আর এটি সত্যিই অনুষ্ঠানের অংশ হয়ে থাকলে, সেই বিষয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

আসল ভিডিয়ো নাকি এআই-এর কারসাজি?

ভিডিয়োটি সামনে আসার পর থেকেই নেটপাড়ায় নানা মতামত শোনা যাচ্ছে। অমিতাভ সত্যিই এমন কোনও প্রশ্ন করেছিলেন কি না, তা এখনও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেকেরই ধারণা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে।

আইনজীবী অরোরাও জানিয়েছেন, অমিতাভ এবং চ্যানেলের তরফ থেকে জবাব এলেই বিষয়টি পরিষ্কার হবে। আর যদি দেখা যায় ভিডিয়োটি বানানো বা ভুয়ো, তবে যাঁরা এটি তৈরি করেছেন বা ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবা হতে পারে। যদিও এখনও পর্যন্ত অমিতাভ বচ্চন বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান

Loading...
Unable to load recommendations.
Follow Us