
সদ্যই ‘দ্য ওয়াইভস অফ বলিউড’ ছবির কাজ শেষ করেছেন জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী জয়ী পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar)। আর এবার তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন এক ঐতিহাসিক চমক। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr. Syama Prasad Mukherjee) বর্ণময় রাজনৈতিক জীবন ও তাঁর সময়ের অজানা ইতিহাস এবার তিনি তুলে ধরবেন বড় পর্দায়।
ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘শ্যামা- দ্য মিসিং চ্যাপ্টার’। আদিত্য কুমার হালওয়াসিয়া, ভান্ডারকর এন্টারটেইনমেন্ট এবং এ কে এইচ ভেঞ্চারস-এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ছবিটি। ভারতের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়কে খুব সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই ছবির মূল লক্ষ্য।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কমবয়সী উপাচার্য থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম সরকারে জওহরলাল নেহরুর ক্যাবিনেটের মন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সফর ছিল সাহসিকতা ও দৃঢ়তায় ভরা। নেহরু সরকারের সঙ্গে তাঁর আদর্শগত বিরোধ ছিল স্পষ্ট। নিজের নীতির সঙ্গে আপস না করে মন্ত্রীত্ব ছেড়ে দেওয়া, ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করা, এই সব ঘটনাগুলিই সিনেমায় দেখতে পাবেন দর্শক। বাদ যাবে না ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরের পারমিট প্রথার বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক প্রচার এবং পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর সেই রহস্যময় অধ্যায়।
শুধুমাত্র ঐতিহাসিক ড্রামা নয়, ছবিতে থাকবে পলিটিক্যাল থ্রিলারের টানটান উত্তেজনা। ক্ষমতা ছেড়ে নিজের আদর্শে অবিচল থাকার গল্প বলবে এই ছবি। প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়া জানিয়েছেন, ডঃ শ্যামাপ্রসাদের জীবন আজকের প্রজন্মের কাছে সাহসিকতা ও দেশপ্রেমের এক বড় উদাহরণ। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য।
অন্যদিকে, পরিচালক মধুর ভান্ডারকরের কথায়, একজন পরিচালক হিসেবে এই প্রথম এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে ছবি করা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জের। তবে তিনি অত্যন্ত সততা ও সংবেদনশীলতার সঙ্গে ভারতের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি পর্দায় ফুটিয়ে তুলতে চান। সূত্রের খবর, আগামী বছর থেকেই এই ছবির শুটিং শুরু হবে। তবে ছবিতে কারা অভিনয় করছেন বা কবে এটি মুক্তি পাবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে প্রকাশ্যে কোনও তথ্য আনা হয়নি।