
মালাইকা অরোরা মানেই বিতর্ক। মালাইকা অরোরা মানেই নানা প্রেমের গুঞ্জন। আজ হিরের ব্যবসায়ী তো, কাল টেলি দুনিয়ার নতুন অভিনেতা। তবে প্রেম নিয়ে নানা কিছু রটলে, মালাইকা কখনও মুখ খোলেননি এসব সম্পর্ক নিয়ে। বরং অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর থেকে প্রেম, ভালোবাসা নিয়ে মালাইকা একেবারে মুখে কুলুপ এঁটেছেন। তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই, মালাকাই বার বার জানিয়েছেন, তিনি হয়তো ফের বিয়ে করবেন, প্রেমের মানুষের সঙ্গে। আর এবার বিয়ে নিয়ে বলতে গিয়ে, মালাইকা একেবারে ঠোঁটকাটা জবাব দিয়ে বসেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা অরোরা মানেই গ্ল্যামার আর ফিটনেসের মেলবন্ধন। তবে পর্দার কাজের চেয়েও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামতেই চায় না। গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হিরের ব্যবসায়ী হর্ষের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলে। এরপর বিদেশ বিভুঁইয়ে ছুটি কাটানো থেকে শুরু করে সম্প্রতি স্প্লিটভিলার সৌরভের সঙ্গে ঘনিষ্ঠ নাচের ভিডিও— একের পর এক পুরুষের সঙ্গে নাম জড়ানো নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়ে নীতিপুলিশদের ট্রোলিং বা মুখরোচক আলোচনাকে এখন আর গায়ে মাখেন না মালাইকা। তাঁর সাফ কথা, “এখন আমি এসব গুজবকে স্রেফ রসিকতা হিসেবেই দেখি।” মজার বিষয় হল, নিজের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া এসব রটনা নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে খোদ মালাইকাই হাসাহাসি করেন। মা-ছেলের এই স্বচ্ছ রসায়নই বুঝিয়ে দেয়, বাইরের জগতের চর্চা তাঁদের পারিবারিক বাঁধনে চিড় ধরাতে পারেনি।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা আর নতুন করে ঘর বাঁধেননি। একা মা হিসেবে সন্তান মানুষ করা এবং এই গ্ল্যামার দুনিয়ায় টিকে থাকা কি খুব কঠিন? এ প্রসঙ্গে মালাইকা জানান, তিনি নিজেকে যেভাবে গড়ে তুলেছেন, তা নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। তাঁর কথায়, “আমি এখন নিজের জীবনে খুব সুখী। আমার যা আছে, তা নিয়ে আমি সন্তুষ্ট। আমাকে পরিপূর্ণ করার জন্য কোনও পুরুষের প্রয়োজন নেই।”
অনেকের মনেই প্রশ্ন জাগে, মালাইকা কি আবার বিয়ের পিঁড়িতে বসবেন? অভিনেত্রী জানান, জীবনসঙ্গী থাকা অবশ্যই একটি সুন্দর অনুভূতি, কিন্তু তিনি মরিয়া হয়ে কাউকে খুঁজছেন না। মালাইকা স্পষ্ট করে দেন, “জীবনের কোন কিছুই পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, তবে তা এমনিই হবে। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’— এমন কোনও তাড়না আমার মধ্যে নেই।”