
রণবীর কাপুর (Ranbir Kapoor) এবার পর্দায় আসছেন শ্রীরামের ভূমিকায়। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। একদিকে দর্শকদের উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে এই ট্রেলার দেখেই বেজায় চটেছেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। তাঁর সাফ কথা, সিনেমায় রামকে এমনভাবে দেখানো হয়েছে, যেন তিনি কোনও বড়সড় অ্যাকশন হিরো!
কী বলেছেন তিনি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ছবির ট্রেলারের একটি দৃশ্য নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন মুকেশ খান্না। ওই দৃশ্যে দেখা গিয়েছে, রামের চরিত্রে থাকা রণবীর তরতর করে গাছে উঠছেন, আর সেখান থেকেই তীর ছুঁড়ছেন। এই দৃশ্যটি দেখেই রেগে আগুন প্রবীণ অভিনেতা। তিনি বলেন, “আপনারা তো ওঁকে সলমন খান, অমিতাভ বচ্চন বা রজনীকান্ত বানিয়ে দিয়েছেন! না মশাই, রাম হলেন রাম। তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম।”
রামের চরিত্রে এই ধরনের মারকাটারি অ্যাকশন মানতে পারছেন না তিনি। মুকেশ খান্নার কথায়, “শ্রীরাম সবসময় হাসিমুখে থাকতেন। এমনকী সমুদ্রের কাছে পথ চাওয়ার সময়ও তিনি হাত জোড় করে বলেছিলেন, ‘সরে যাও, আমাকে এগোতে হবে’।”
মুকেশ খান্নার মতে, শ্রীরামকে যদি ‘পুরুষোত্তম’-এর বদলে একজন অ্যাকশন হিরো হিসেবে তুলে ধরা হয়, তবে তাঁর তো বানর সেনার কোনও প্রয়োজনই ছিল না। তিনি প্রশ্ন তুলেছেন, “রামকে যদি ক্লিন্ট ইস্টউডের মতো লড়তে হয়, তবে আমার তো মনে হয় তিনি হয়তো বাস্তবে এভাবে যুদ্ধ করেননি। তিনি যদি এভাবেই যুদ্ধ করতেন, তবে তাঁর বানর সেনার সাহায্য নেওয়ার কী দরকার ছিল?”
সিনেমায় মাত্রাতিরিক্ত ভিএফএক্স (VFX) বা স্পেশাল এফেক্টসের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন এই প্রবীণ অভিনেতা। তিনি বলেন, “হয়তো এই ছবি ‘স্টার ওয়ার্স’-এর সঙ্গে পাল্লা দেবে। হয়তো প্রচুর ব্যবসাও করবে। কিন্তু ভারতে সিনেমা তৈরি হলে তা ভারতীয়দের ভক্তি ও বিশ্বাস অনুযায়ী হওয়া উচিত। দর্শকরা শুধু স্পেশাল এফেক্টস দেখতে যাবেন না।”
কবে আসছে রামায়ণ?
নীতেশ তিওয়ারির এই বিগ বাজেট ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। পাশাপাশি ছবিতে দেখা যাবে অরুণ গোভিল, সানি দেওল, রকুল প্রীত সিং, রবি দুবে-সহ আরও অনেককে। জানা গিয়েছে, ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। সব ঠিক থাকলে প্রথম পর্বটি এই বছর দীপাবলিতেই বড় পর্দায় আসতে চলেছে।