
সোশাল মিডিয়া খুললেই এখন একটাই লাইন বার বার শোনা যাচ্ছে, ‘আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’ নন্দিনী বিগ বস বাংলা (Bigg Boss Bangla) থেকে বেরিয়ে আসার পর থেকেই এই ডায়লগটা নিয়ে নেটপাড়ায় আরও বেশি হইচই পড়ে গেছে। ঘরের অন্দরের সেই আবেগময় মুহূর্ত আর তা নিয়ে চলা ট্রোলিং নিয়ে এবার নিজেই মুখ খুললেন নন্দিনী (Nandini)।
ঠিক কী ঘটেছিল?
পুরো ঘটনাটার শুরু হয়েছিল বিগ বসের সিক্রেট রুমে বসে। সেসময় বাকি প্রতিযোগীরা ঘুণাক্ষরেও জানতেন না যে নন্দিনী ঘরের কোথাও আশপাশে আছেন। সিক্রেট রুম থেকে তিনি যখন সবাইকে দেখছিলেন, হঠাৎ তাঁর চোখ পড়ে রাজবীরের (Rajveer) ওপর। রাজবীরের ব্লেজারের পিছনে প্রচুর সেফটিপিন আটকানো ছিল, যা তিনি নিজে একা কিছুতেই খুলতে পারছিলেন না। সেখানে তাঁকে সাহায্য করার কেউ ছিল না। রাজবীর সমস্যায় পড়েছে দেখেই মনের টানে আর আবেগ ধরে রাখতে পারেননি নন্দিনী। ক্যামেরা চলছে সেকথা ভুলেই তিনি কেঁদে ফেলে বলে উঠেছিলেন, “আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে একটু হেল্প করো!”
টিভিতে সেই দৃশ্য সম্প্রচারিত হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ক্লিপটি। শুরু হয় ট্রোলের পালা। ঠিক তার এক সপ্তাহ পরেই রাজবীরের গায়ে হাত তোলার অভিযোগে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে হয় নন্দিনীকে।
কী ছিল সেই সেফটিপিন রহস্যের আসল গল্প?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নন্দিনী খোলামেলা জানান, সেদিন রাজবীরের ব্লেজারের ফিটিং ঠিক করতে পেটে-পিঠে অজস্র সেফটিপিন লাগানো হয়েছিল। অতগুলো পিন নিজের হাতে খোলা মুখের কথা নয়! তাছাড়া রাজবীরও এমন মানুষ যিনি সহজে কারও কাছে সাহায্য চান না। ভালোবাসার মানুষটাকে অমন আটকে থাকতে দেখে ভেতর থেকে যে আকুলতা তৈরি হয়, সেটাই সেদিন তাঁর অজান্তে বেরিয়ে এসেছিল।
ট্রোল নিয়ে কী বলছেন নন্দিনী?
নিজের এই ভাইরাল হওয়া ডায়লগ ও ট্রোল নিয়ে আজ তাঁর মনে বিন্দুমাত্র আফসোস বা রাগ নেই। বরং বেশ মজার ছলেই তিনি পুরো বিষয়টাকে গ্রহণ করেছেন। তাঁর কথায়, ইন্ডাস্ট্রির অনেক চেনা মানুষও এখন নিয়ে ইয়ার্কি করেন, আর তিনি সেটা দারুণ উপভোগ করছেন। এমনকী তাঁর বাবা মাও তাঁকে নিয়ে মজা করেছেন বলে জানিয়েছেন তিনি। হাসিমুখে নন্দিনী বলেন, “আমি খুব মজা পাচ্ছি! যারাই এটা নিয়ে মজা করছে, করুক না, আমার কোনও সমস্যা নেই!”