
‘বিগ বস বাংলা’-র ঘরে প্রেম আর ড্রামার পারদ এখন তুঙ্গে। সাম্প্রতিক সময়ে শোয়ের বাথরুম এরিয়ার সামনে অভিনেতা রাজবীর ও মডেল-অভিনেত্রী নন্দিনীর রসায়ন নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। নন্দিনীর গালে ও কপালে রাজবীরের একের পর এক ‘চকাস চকাস’ চুমু খাওয়ার দৃশ্য নিয়ে নেটপাড়ায় আলোচনার ঝড় ওঠে। রাজবীর ও নন্দিনীর এই নতুন রসায়নে যখন মজেছেন দর্শকরা, ঠিক তখনই বিগ বসের ঘরের বাইরে ছড়িয়ে পড়ল নন্দিনীর এক পুরনো ‘চুমু কিসসা’!
তবে এই ভাইরাল হওয়া ছবিতে রাজবীর নন, নন্দিনীর পাশে দেখা যাচ্ছে তাঁর প্রাক্তন প্রেমিককে। আর এই প্রাক্তন অন্য কেউ নন— তিনি টলিউডের পরিচিত মুখ তথা জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিক! ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির ‘সন্তু’ হিসেবেই যাকে দর্শক বেশি চেনেন।
ভাইরাল হওয়া সেই ছবি—
টলিউডের অন্দরের জোর গুঞ্জন, বেশ বহু বছর ধরে আরিয়ান ভৌমিকের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন নন্দিনী। সেই প্রেমজীবনেরই একটি একান্ত ও অন্তরঙ্গ চুমুর ছবি হঠাৎ করে আবার নতুন করে ভাইরাল হয়েছে ফেসবুকে ও ইনস্টাগ্রামে। বর্তমান রিলেশনশিপ ড্রামার মাঝেই নন্দিনীর অতীত প্রেম এভাবে সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
যদিও খবর অনুযায়ী, আরিয়ান ও নন্দিনীর সেই সম্পর্ক এখন অতীত। টলিপাড়ার সূত্র বলছে, বর্তমানে আরিয়ান ভৌমিকের নাম জুড়েছে অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরীর সঙ্গে। তবে বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে প্রেম-প্রেম খেলা চলার মাঝেই আরিয়ানের সঙ্গে নন্দিনীর এই পুরানো অন্তরঙ্গ ছবি ভাইরালে ঘৃতাহুতি পড়েছে বিতর্ক ও আলোচনায়।