
নীনা গুপ্তা (Neena Gupta) সব সময়েই খুব সাহসী আর স্পষ্টবাদী। নিজের জীবনের কোনও কথাই তিনি কখনও লুকিয়ে রাখেননি। আটের দশকে অবিবাহিতা মা হওয়াটা সমাজের চোখে মোটেও ভালো চোখে দেখা হত না। কিন্তু সেই সময় সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে মেয়ে মাসাবাকে একা হাতে বড় করেছেন তিনি। সিঙ্গেল মাদার হিসেবে তাঁর এই পথচলা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানালেন, ছোটবেলায় বাবা ভিভিয়ান রিচার্ডসকে (Vivian Richards) কাছে না পাওয়ার জন্য তিনি মেয়ের কাছে বারবার ক্ষমা চেয়েছেন।
কী বলেছেন অভিনেত্রী?
‘এটা আমারই ভুল ছিল’
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা তাঁর ফেলে আসা জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, কম বয়সে মানুষ আবেগের বশে এমন অনেক সিদ্ধান্ত নেয়, যার ফল ভবিষ্যতে কী হতে পারে, তা তখন পুরোপুরি বোঝা যায় না। নীনা বলেন, “আমি মাসাবার কাছে এই বিষয়ে খুব সৎ থেকেছি। আমি অনেকবার ওর কাছে ক্ষমা চেয়েছি যে ছোটবেলায় ও বাবাকে কাছে পায়নি। এটা সম্পূর্ণ আমারই ভুল ছিল। তবে ও এখন বড় হয়েছে, সবটা বোঝে। আমরা সবাই জীবনে কিছু না কিছু ভুল করি। কম বয়সে বাবা-মা অনেক কিছু বোঝালেও আমরা তখন শুনি না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই বোধ আমাদের মধ্যে আসে।”
বাবার প্রতি কোনও রাগ বা ক্ষোভ নেই
মেয়ে মাসাবা যাতে বাবার বিষয়ে বাইরের কারও থেকে কোনও ভুল খবর না শোনে, সেদিকে কড়া নজর ছিল নীনার। তিনি সব সময় চেয়েছেন মাসাবা যেন পুরো সত্যিটা তাঁর মুখ থেকেই শোনে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই মাসাবা বাবার বিষয়ে জানতে চেয়েছে, নীনা খুব শান্তভাবে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। নীনা চেয়েছেন, বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েনের জন্য যেন মাসাবার মনে কোনও তিক্ততা তৈরি না হয়।
নীনা বলেন, “আমি সব সময় চেয়েছি মাসাবা যেন ওর বাবাকে ভালোবাসে। ও বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে বুঝিয়েছি ঠিক কী হয়েছিল আর কেন এমনটা হয়েছিল। তাই ওর বাবার প্রতি ওর মনে কোনও রাগ বা ক্ষোভ নেই। কারণ আমি ওকে সব সময় সত্যিটা বলেছি। বাইরের লোকের থেকে ভুল কথা শোনার চেয়ে নিজের মায়ের কাছ থেকে সত্যিটা জানা ওর জন্য খুব দরকারি ছিল। আমি মনে করি, এটা আমি খুব ঠিক কাজ করেছি।” আজ মাসাবা একজন সফল ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী। আর নীনার এই খোলামেলা কথাগুলোই প্রমাণ করে যে জীবনের কঠিন সময়ে তিনি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে নিজের আর মেয়ের সম্পর্ককে সামলেছেন।