Nushrratt Bharuccha accident: বিদেশে শুটিংয়ের ফাঁকে বড়সড় অঘটন, গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি নুসরত

Bollywood updates: কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ভরুচা। আর সেখানেই ঘটল বড়সড় অঘটন। দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে। আচমকা কী এমন ঘটল বিদেশে? কেমন আছেন তিনি?

Nushrratt Bharuccha accident: বিদেশে শুটিংয়ের ফাঁকে বড়সড় অঘটন, গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি নুসরত
কী ঘটেছে বিদেশে?

Oct 02, 2026 | 9:29 AM

কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী নুসরত ভরুচা। সমুদ্রসৈকত আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে কাজ শেষে কিছুটা সময় নিজের মতো করে কাটাবেন, এমনটাই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তেই ঘটে গেল বড়সড় বিপত্তি। বিদেশে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এই বলি-অভিনেত্রী। গুরুতর চোট নিয়ে বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আচমকা এই খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন তাঁর অগণিত ভক্ত।

কী ঘটেছে?

জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগেই একটি প্রজেক্টের কাজের জন্য বালিতে গিয়েছিলেন নুসরত। সেখানে শ্যুটিং পর্ব মেটার পর তড়িঘড়ি দেশে না ফিরে, আরও কয়েক দিন ছুটি কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজের সমাজমাধ্যমের পাতাতেও বালির বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই ছুটির মেজাজেই আচমকা ছন্দপতন। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বা অভিনেত্রীর শরীরের ঠিক কোথায় চোট লেগেছে, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে হাসপাতাল বা অভিনেত্রীর টিমের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে, এই দুর্ঘটনার খবরের মাঝেই তাঁর আগামী কাজ নিয়ে বলিপাড়ায় জোর চর্চা চলছে। খুব শীঘ্রই বলিউডের অ্যাকশন স্টার টাইগার শ্রফের সঙ্গে রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। এই প্রথমবার বক্স অফিসে একসঙ্গে দেখা যাবে টাইগার ও নুসরতকে। জানা গিয়েছে, এই ছবিতে নুসরতের চরিত্রটি বেশ ছকভাঙা। নির্মাতাদের এমন এক জন অভিনেত্রীর খোঁজ ছিল, যিনি চরিত্রের আবেগ এবং দৃঢ়তা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সেই কারণেই নুসরতকে বেছে নেওয়া হয়েছে। এই ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে দেখা যাবে।

টাইগার এবং নুসরত ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এলভিশ যাদব। শেষবার নুসরতকে দেখা গিয়েছিল ‘উফ্‌ফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে, সোহম শাহের সঙ্গে। হাস্যরস এবং রহস্যে মোড়া সেই ছবির পর, টাইগারের সঙ্গে তাঁর এই নতুন প্রজেক্ট নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু তার আগেই এমন এক দুর্ঘটনার খবর রীতিমতো উদ্বেগে ফেলেছে সকলকে। আপাতত বলিউড তাকিয়ে রয়েছে তাঁর শারীরিক পরিস্থিতির আপডেটের দিকে। সকলেরই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরুন অভিনেত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us