পাকিস্তানে আলিয়া! কোন নতুন বিপাকে পড়লেন অভিনেত্রী?
পাকিস্তানের বিজ্ঞাপনে ব্যবহার হওয়া আলিয়ার ছবিগুলো এতটাই নিখুঁত ছিল যে সাধারণ চোখে সেগুলিকে এআই (Artificial Intelligence) বলে চেনার উপায় ছিল না। কিন্তু নেটিজেনরা অল্প সময়ের মধ্যেই রহস্যের সমাধান করেন। দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য একজন মডেলের শরীরে আলিয়ার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

সোশাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে একগুচ্ছ ছবি, যেখানে নানা কারুকার্য করা সালোয়ার-কামিজ ও ওড়নায় দেখা যাচ্ছে আলিয়া ভাটকে। পাকিস্তানের একটি নামী পোশাক প্রস্তুতকারী সংস্থার এই বিজ্ঞাপনী ছবিগুলো দেখে প্রথমটায় চমকে গিয়েছিলেন খোদ আলিয়ার ভক্তরাই। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার সীমান্তের ওপারে কোনও ব্র্যান্ডের মুখ হলেন রণবীর ঘরনি? নাহ, গল্পটা আসলে একেবারেই আলাদা। বলা ভালো এআইয়ের ফাঁদ!
ব্যাপারটা কী?
পাকিস্তানের বিজ্ঞাপনে ব্যবহার হওয়া আলিয়ার ছবিগুলো এতটাই নিখুঁত ছিল যে সাধারণ চোখে সেগুলিকে এআই (Artificial Intelligence) বলে চেনার উপায় ছিল না। কিন্তু নেটিজেনরা অল্প সময়ের মধ্যেই রহস্যের সমাধান করেন। দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য একজন মডেলের শরীরে আলিয়ার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গর্জে ওঠেন ভক্তরা। তাঁদের স্পষ্ট দাবি, কোনও আন্তর্জাতিক ব্র্যান্ড এভাবে একজন প্রথম সারির অভিনেত্রীর অনুমতি ছাড়া তাঁর ছবি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে পারে না। অনেকে তো আগাম সতর্কতা দিয়ে লিখেছেন, “আলিয়া যদি এটি জানতে পারেন, তবে ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত।”

যদিও বিতর্কের মাঝেই একদল অনুরাগী আবার প্রযুক্তিগত উৎকর্ষের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এআই-এর মাধ্যমে তৈরি এই ছবিগুলোতে আলিয়াকে এতই সুন্দর দেখাচ্ছে যে অভিনেত্রী নিজেও হয়তো খুশি হবেন। তবে এর বিপরীতে অধিকাংশের যুক্তি হল সৃজনশীলতা বা সৌন্দর্য যাই থাকুক না কেন, পেশাদারিত্ব ও ব্যক্তি-অধিকার লঙ্ঘনের বিষয়টি এখানে সবথেকে বড় অপরাধ।
সম্প্রতি বলিউড তারকারা নিজেদের নাম, কণ্ঠস্বর এবং ছবির অপব্যবহার রুখতে আইনের দ্বারস্থ হচ্ছেন। অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন থেকে শুরু করে কার্তিক আরিয়ান— প্রত্যেকেই ‘পারসোনালিটি রাইটস’ সংরক্ষণ করেছেন। এর ফলে তাঁদের ডিজিটাল অবয়ব বা কণ্ঠ বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ বিনা অনুমতিতে ব্যবহার করতে পারবে না। আলিয়ার ভক্তরা এখন আশা করছেন, এই ঘটনার পর আলিয়াও নিজের ব্যক্তিত্ব ও ভাবমূর্তি রক্ষায় দ্রুত আইনি ঢাল তৈরি করবেন। এখন দেখার, প্রতিবেশী দেশের এই বিজ্ঞাপনী বিতর্ক নিয়ে আলিয়া নিজে বা তাঁর টিম কোনও মন্তব্য করে কিনা।
