
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তোলপাড় টলিউড। শুটিং করতে গিয়ে প্রয়াত হলেন অভিনেতা। অভিনেতার মরদেহ যেদিন শহরে আসে, সেদিন তাঁর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন এবারের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের গেরুয়া শিবিরের প্রার্থী পাপিয়া অধিকারী। সেখানে পৌঁছে পাপিয়া স্লোগান দেওয়ায় বচসা বেঁধে গিয়েছিল রাহুলের কিছু বন্ধুর সঙ্গে।
তবে রাহুল অরুণোদয়ের মৃত্যুর জন্য ন্যায় বিচার চেয়ে শহরে মিছিল হয় গত শনিবার। সেদিন আবার আসেন পাপিয়া। TV9 বাংলাকে এই প্রসঙ্গে পাপিয়া বললেন, ”আমার প্রথম পরিচয় একজন অভিনেত্রী হিসাবে। সেই কারণে আজকে এসেছি।” রাহুল নিজেমুখে বলেছেন, তিনি বামপন্থী ছিলেন। পাপিয়া অবশ্য দাবি করেন, রাহুল নিজে মুখে বলেননি, তিনি বামপন্থী। এই নিয়ে বাম শিবিরের শতরূপ ঘোষ পাপিয়ার সমালোচনা করতে ছাড়েননি।
TV9 বাংলাকে পাপিয়া আরও বললেন, ”আগে যখন আমরা আউটডোর শুটিংয়ে যেতাম, নানা ধরনের বিপদ হয়েছে। প্রযোজক আউটডোরে পয়সা না দিয়ে পালিয়ে গিয়েছেন। সেটা প্রাণদায়ী ব্যাপার নয়। কিন্তু এমন প্রাণদায়ী ঘটনা বাংলায় শুটিংয়ে হয়। আমি সাঁতার জানতাম না। নৌকায় একা উঠিয়ে দিয়েছে। জলের মধ্যে প্রোডাকশন ম্যানেজার ধরে রয়েছেন। তিনি আবার মাঝে-মাঝে জল থেকে মাথা তুলে নিঃশ্বাস নিচ্ছেন। এভাবে চলতে পারে না! একটা নির্দিষ্ট গাইডলাইন থাকতেই হবে।”
রাহুলের মৃত্যুর পর থেকে বহু অভিনেতা-অভিনেত্রী-টেকনিশিয়ান অভিযোগ করছেন, টলিপাড়ায় সুরক্ষার অভাব নিয়ে। কাল সকাল থেকে শুরু হচ্ছে কর্মবিরতি। বন্ধ হয়ে যাবে সিনেমা থেকে ধারাবাহিকের যাবতীয় শুটিং। সেফটি প্রোটোকল তৈরি হওয়ার পর সব পক্ষের সম্মতিতেই আবার শুরু হবে শুটিং।