Papiya Adhikari: ‘আবার ব্যান কালচার, পক্ষপাতিত্ব শুরু হলে প্রতিবাদ করব’, নতুন কমিটি গড়ে কী করতে চান পাপিয়া?

Papiya Adhikari on Tollywood Election: ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে এবং অবাধে চলছে কি না, তা খতিয়ে দেখতে আজ সকালে সরাসরি টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। নির্বাচন চত্বরে দাঁড়িয়ে টলিউডের বর্তমান পরিস্থিতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে কী বললেন তিনি?

Papiya Adhikari: আবার ব্যান কালচার, পক্ষপাতিত্ব শুরু হলে প্রতিবাদ করব, নতুন কমিটি গড়ে কী করতে চান পাপিয়া?

| Edited By: আকাশ মিশ্র

Oct 31, 2026 | 5:05 PM

দীর্ঘদিনের অশান্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ, গ্রেফতারি, মামলা-মোকদ্দমা, শুটিং বন্ধ এবং একাধিক পরিচালক-অভিনেতাকে বয়কটের বিতর্কে গত কয়েক মাস ধরে টালমাটাল ছিল টলিপাড়া। সমস্ত জলঘোলা কাটিয়ে অবশেষে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার পালা। আজ, শনিবার (৩১ অক্টোবর) থেকে টেকনিশিয়ান স্টুডিওতে শুরু হয়েছে টেকনিশিয়ানদের বিভিন্ন গিল্ডের নির্বাচন, যা চলবে আগামী কাল, রবিবার (১ নভেম্বর) পর্যন্ত। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর টলিউডের সাংগঠনিক কাঠামোয় এই প্রথম এত বড় মাপের নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। ফলে স্টুডিওপাড়ার অন্দরে এই ভোট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে এবং অবাধে চলছে কি না, তা খতিয়ে দেখতে আজ সকালে সরাসরি টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। নির্বাচন চত্বরে দাঁড়িয়ে টলিউডের বর্তমান পরিস্থিতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে কী বললেন তিনি?

টলিউডে কাজের খরা নিয়ে বলতে গিয়ে পাপিয়া অধিকারী জানান, “আগের থেকে ছবি অনেক কমে গিয়েছে। আগে তো অনেক ছবি হতো। টলিউডের বহু অভিনেতারাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন, যাতে অন্তত সুষ্ঠুভাবে কাজ হয়। এই সব কিছুই তো ঠিক করার চেষ্টা চলছে। কিন্তু এত কিছুর পর আবার যদি আগের মতো কিছু ঘটে, তাহলে খুবই মুশকিল।”

গত কয়েক বছর ধরে টলিউডে ব্যান সংস্কৃতি, পক্ষপাতিত্ব, স্বজনপোষণের কথা উল্লেখ করে, পাপিয়া বলেন, ” টালিগঞ্জের বিধায়ক হিসেবে নিজের একটা আলাদা কমিটি তৈরি করব। অবশ্যই শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তীকে অনুরোধ করব, অনুমতি চেয়ে নেব, যাতে এমন একটা কমিটি করা হয়— যার কাজই হবে সবাই কাজ পাচ্ছে কি না, সবাই কাজ করছে কি না— সেটা দেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সেই পক্ষপাতিত্ব, আবার সেই ব্যান কালচার, আবার সেই ‘ওরা আমাদের কেউ নয়, এরাই সব’— এই মানসিকতা চললে মুশকিল। এত সুষ্ঠুভাবে সব হওয়ার পর এটা যদি হয়, তাহলে টালিগঞ্জের বিধায়ক হিসেবে আমি কিন্তু প্রতিবাদ করবই।”

তবে এখানেই শেষ নয়; ফেডারেশনের কার্ড দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেন পাপিয়া। তাঁর অভিযোগ, অতীতে ফেডারেশনের কার্ডের জন্য জলের দরে নয়, চড়া দামে লেনদেন হয়েছে। তাঁর দাবি, “ফেডারেশনের কার্ড বিক্রি হতো ৮০,০০০ থেকে ৮ লাখে!” শুধু তাই নয়, তাঁর নিজের পরিচিত আড়াই হাজার মানুষ আজও সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কার্ড পাননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর আশা, এবার হয়তো পুরনো সমস্যা ভুলে টলিউড নতুনভাবে কাজ করবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us