‘ছয় মাস…’, খুশির খবর দিয়ে পরম-আনন্দে ভাসছেন পিয়া
Param-Piya: পিয়াকে নিয়ে কম আলোচনা হয়নি অতীতে। তাঁর প্রাক্তন স্বামী অনুপম রায়। অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। রটেছিল তাঁর নাকি সন্তানও রয়েছে।

তারিখটা আপনার মনে নাও থাকতে পারে, তবে পিয়া চক্রবর্তী কিন্তু ভোলেননি। ভুলবেনই বা কী করে? জীবনের নতুন অধ্যায় শুরু করার দিন বলে কথা। এরকম এক ২৭ তারিখ আপনি যখন দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত তখন পরম-পিয়া চুপিসারে বুনেছিলেন অন্য গল্প। জানতেন সমালোচনা হবেই, তবে সে সবে পাত্তা না দিয়েই নিভৃতে রচনা করছিলেন নতুন অধ্যায়। আর ঠিক ছয় মাস পর সেই অধ্যায়ের কথাই মনে করিয়ে দিয়ে নিজেও খানিক নস্টালজিক পিয়া। শেয়ার করলেন এক খুশির খবর। সকলকে মনে করিয়ে দিলেন অগ্রাণের কোনও এক বিকেলে ঠিক ছয় মাস আগে পরম যত্নে তাঁকে কাছে টানার ব্রত নিয়েছিলেন পরমব্রত।
দেখতে দেখতে সেই বৈবাহিক যাত্রাপথ, সেই নতুন ছয় মাস পার। নিজেদের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করলেন পিয়া নিজেই। একই সঙ্গে কুড়িয়ে নিলেন লোকের ভালবাসা ও শুভেচ্ছা।
পিয়াকে নিয়ে কম আলোচনা হয়নি অতীতে। তাঁর প্রাক্তন স্বামী অনুপম রায়। অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। রটেছিল তাঁর নাকি সন্তানও রয়েছে। সে সব নিয়ে মুখও খুলেছিলেন পিয়া। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “আমি খুবই বিরক্ত হয়েছি। অনেক দিন থেকে এই মিথ্যা রটনা চলছে। যবে থেকে আমি পরমকে বিয়ে করেছি, তবে থেকেই। বিভিন্ন পোস্ট, ইউটিউবে বিভিন্ন ভিডিয়োতে দেখতে পারছি তাঁরা বলছেন আমার নাকি আগে থেকেই দুটি সন্তান আছে। এতদিন কোনও কথা বলিনি, কারণ মনে করিনি উত্তর দেওয়ার কোনও দরকার আছে বলে। কিন্তু ইদানিং, বিরক্তিকর হয়ে ওঠছে পুরো বিষয়টা। লোকজন আমাকে মেসেজ করছেন। আমার বন্ধুদেরকেও কথাগুলো শোনানো হচ্ছে। প্রথমত, তথ্য হিসেবে বিষয়টা ভুল। দ্বিতীয়ত, সন্তান খুব স্পর্শকাতর বিষয়। সেটা নিয়েও ভুল তথ্য… সহ্য করতে পারছি না। একটা কথাই বলতে চাই, অনলাইনে যা কিছু দেখছেন আপনারা, সব সত্যি না। তাই বলছি, সত্যি যাচাই না করে প্লিজ় সব কথা বিশ্বাস করবেন না।”
