
আজ ১৭ সেপ্টেম্বর। দেশজুড়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সকাল থেকেই সোশাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকারা, সবাই প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। এই বিশেষ দিনে বাদ গেলেন না বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক সুন্দর বার্তা দিয়েছেন তিনি। বুম্বাদা তাঁর পোস্টে লিখেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেশ সেবায় আপনার সুস্বাস্থ্য, আনন্দ ও অফুরন্ত শক্তির প্রার্থনা করি। জীবনে সব সময় সাফল্য ও তৃপ্তি আসুক, এই কামনাই করি।” তাঁর এই সুন্দর বার্তা ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিনে বুম্বাদার এই শুভেচ্ছাবার্তার পাশাপাশি, তাঁর অনুরাগীদের কাছে আজকের দিনটা যেন একটু বেশিই স্পেশাল। কারণ, একদিকে যখন তিনি দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, ঠিক তার আগের দিনই অর্থাৎ গতকাল টলিপাড়ায় এসেছে এক বিরাট সুখবর। গতকালই জানা গিয়েছে, কেন্দ্রীয় সেন্সর বোর্ডে (CBFC) জায়গা করে নিয়েছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই নতুন সেন্সর বোর্ড গঠন করা হল। আর সেখানেই বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে জ্বলজ্বল করছে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র নাম। শুধু প্রসেনজিৎ নন, এই নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন বিনোদন জগতের আরও বেশ কয়েকজন হেভিওয়েট তারকা।
সিনেমাটোগ্রাফ অ্যাক্টের অধীনে মোট ১৮ জন সদস্যকে নিয়ে এই নতুন বোর্ড তৈরি করা হয়েছে। আগামী তিন বছর দেশে যত সিনেমা মুক্তি পাবে, সেগুলি সব বয়সের মানুষের দেখার উপযুক্ত কি না, তার শংসাপত্র দেবে এই কমিটিই। এই কমিটিতে প্রসেনজিতের সঙ্গে রয়েছেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতারা। এছাড়াও রয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তিত্বরা। এমন একটা সর্বভারতীয় দায়িত্ব পেয়ে প্রসেনজিৎ নিজেও ভীষণ আনন্দিত। তিনি জানিয়েছেন, এই খবর পেয়ে তিনি ভীষণ গর্বিত।
বাংলা সিনেমার দুর্দিনে একার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সিনেমাকে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি যেভাবে কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। দীর্ঘ চার দশকে প্রায় সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করেছেন। এতগুলো বছর ধরে তিনি দর্শকদের আনন্দ দিয়ে আসছেন। তাঁর এই লম্বা পথচলা কখনও খুব একটা সহজ ছিল না। কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি। কিছুদিন আগেই ভারত সরকারের তরফ থেকে পেয়েছেন সম্মানীয় ‘পদ্মশ্রী’। আর এবার সেন্সর বোর্ডের এই বড় দায়িত্ব। সব মিলিয়ে বেশ খুশিতে রয়েছেন তাঁর ভক্তরা।