
মাত্র ১৩ বছর বয়স সহজের। কিন্তু এই অল্প বয়সেই হঠাৎ করে তাঁর জীবন একটা কঠিন মোড় নিয়ে নিল। আচমকাই সে জানতে পারল, তাঁর বাবা আর নেই। যে বাবার সঙ্গে ইউটিউবের সহজ কথা বলা। যে বাবার সঙ্গে একের পর এক জীবনের গল্প এগিয়ে চলা। সেই বাবাই আচমকা হাত ছেড়ে না ফেরার দেশে। স্বাভাবিকভাবেই কিশোর মন এখনও দ্বিধাগ্রস্ত। স্বাভাবিক ছন্দে ফিরলেও, হয়তো বাবার স্মৃতিতেই ডুব দেয় রোজ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) ছেলে সেই সহজ, কেমন আছে এখন? একমাস হয়ে গেল বাবা তাঁর পাশে নেই। এখনও কি সবটা মানতে পেরেছে?
টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে সহজকে নিয়ে বলতে গিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ” সহজ কেমন আছে, সেই উত্তর আমি দেব না। কারণ সেটা আন্দাজ করা হবে। ওর মাথায় কী চলছে সেটা সহজই ভালো বলতে পারে। তবে এটা বলতে পারি, সহজও চেষ্টা করছে, স্বাভাবিক জীবনে ফেরার। হয়তো কয়েকমাস পর আরও বরিষ্কার হবে। ও ঠিক আছে, কী নেই, সেটা সহজই ভালো বলতে পারবে।”
তবে রাহুলের মৃত্যুর পর জীবনটা যে আচমকা বদলে গিয়েছে সহজ ও প্রিয়াঙ্কার তা মেনে নিয়েছেন এবং মানিয়েও নিচ্ছেন। প্রিয়াঙ্কার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজের সঙ্গে সময় কাটানো। প্রিয়াঙ্কা বলেন, ”যে সময়টা আমি ব্রেকটা নিয়ে ছিলাম। সেই সময়টা দরকার ছিল। কেননা, এত কিছু ঘটছিল। বলা ভালো এত কিছু ঘটছে এখনও। তাই টাইম ম্যানেজমেন্টটা, খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাকে ওই সময়টা সহজের দিকে ইনভেস্ট করতেই হত। আমরা প্রত্যেকেই নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সুস্থ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমার টাইম ম্যানেজমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ ছিল।”
উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে “ভোলে বাবা পার করেগা” সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে অকালে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কী ঘটেছিল ওই দিন, তা নিয়ে নানা ব্যাখ্যা-বর্ণনা উঠে এসেছে। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাহুলের এই আকস্মিক মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নামে। সেই শোক কিছুটা সামলে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ একাধিক কলাকুশলী। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা করা হয়েছে। তালসারিতে ব্যক্তিগতভাবেও অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করেছেন।