
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। নিছক দুর্ঘটনা নাকি শুটিং সেটের চরম গাফিলতি— ঠিক কী কারণে প্রাণ হারালেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে নামছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম।
শনিবার বেলা ২টোর পর রিজেন্ট পার্ক থানায় ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্টস ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ তাঁদের জানতেই হবে। এর আগে প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে কৈফিয়ত চাওয়া হলেও, তাঁদের জবাবে সন্তুষ্ট হতে পারেননি ফোরামের সদস্যরা। সদর্থক উত্তর না মেলায় এবার আইনি পথেই হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফোরামের সভাপতি তথা টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, “রাহুল তো আর ফিরবে না। কিন্তু ওর ছোট ছেলেটার অন্তত এটা জানার অধিকার আছে যে ওর বাবার মৃত্যুটা ঠিক কীভাবে হয়েছিল।” অভিনেতার মৃত্যু ঘিরে তৈরি হওয়া এই ধোঁয়াশা কাটাতে ইন্ডাস্ট্রির শীর্ষ নেতৃত্ব যে মরিয়া, তা বুম্বাদাদার কথাতেই স্পষ্ট।
এদিকে শনিবার স্টুডিওপাড়া সরগরম হতে চলেছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে একটি বিশাল মিছিলের ডাক দিয়েছেন টলিউডের প্রথম সারির পরিচালক ও শিল্পীরা। সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অরিন্দম শীলদের মতো ব্যক্তিত্বরা এই মিছিলে সামিল হতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘জাস্টিস ফর রাহুল’ পোস্টার শেয়ার করে সকলকে পথে নামার আহ্বান জানানো হয়েছে।
তারকারা ব্যক্তিগতভাবে এই মিছিলে হাঁটলেও, প্রাতিষ্ঠানিকভাবে আর্টিস্টস ফোরাম এই কর্মসূচিতে থাকছে না। ফোরামের পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও, তাদের অনুপস্থিতি টলিপাড়ার অন্দরে নতুন চর্চার জন্ম দিয়েছে। তবে মিছিলে না থাকলেও আইনি লড়াইয়ে যে তারা এক চুল জমি ছাড়বে না, তা এফআইআর দায়ের করার সিদ্ধান্তেই পরিষ্কার। সব মিলিয়ে, ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়ালের শুটিং সেটে ঠিক কী ঘটেছিল, তার উত্তর পেতে এখন উত্তাল গোটা টালিগঞ্জ। শোকের আবহ ছাপিয়ে এখন লড়াই শুধু একটাই— বিচার।