
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টলিপাড়ার বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নেয়, ‘ম্যাজিক মোমেন্টস’-এর ধারাবাহিকে তাদের সদস্যরা আপাতত কাজ করবে না। যতক্ষণ না পুলিশের তরফে এই কেসের বিস্তারিত তথ্য সকলের সামনে আসছে। আর্টিস্টস ফোরামের তরফে এই ঘোষণার পরই জানা যায় বন্ধ হয়ে যাবে ‘চিরসখা’। এই ধারাবাহিকে অপরাজিতা ঘোষ আর সুদীপ মুখোপাধ্যায়ের জুটি দেখা যেত। ভিভান ঘোষ, শিঞ্জিনী চক্রবর্তী, রেশমী সেনের মতো বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতেন। একই ধারাবাহিকে দেখা যেত রাজা গোস্বামীকে।
বুধবার সকালে ফেসবুক লাইভে এসে মধুবনীকে পাশে নিয়ে রাজা বললেন, ”’চিরসখা’ বন্ধ হয়ে গিয়েছে। কাল রাতে একজন সিনিয়র টেকনিশিয়ানের সঙ্গে কথা হল। তাঁকে তাঁর বউ বলেছেন, দুই মেয়েকে সঙ্গে নিয়ে পুরো পরিবার মিলে জীবন শেষ করে দিতে চান। ওঁর সঙ্গে কথা বলার পর ঘুমোতে পারিনি। আমার কিছু যায় আসে না। মধুবনী বহু বছর অভিনয় করেনি। আমাদের রোজগারের ১৫-২০ শতাংশ অভিনয় করে আসে। আমি যখন জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেছিলাম, সেদিন ভয় ছিল না, আজকেও ভয় নেই। পিঠে ছুরি খাওয়ার থেকে বুকে ছুরি খাওয়াকে সম্মানের মনে করি। কিন্তু ‘চিরসখা’-র কী দোষ? আমরা কি দোষী? আমাদের সিরিয়াল কেন বন্ধ হল?”
দেখুন মধুবনী ও রাজার ভিডিয়ো-
রাজা যোগ করেন, ”আমার অভিনয় না করলে কিছু যায় আসে না। কিন্তু আমার ছেলে যখন জিজ্ঞাসা করবে, ‘এমন ঘটনা ঘটল, তোমার ক্ষমতা ছিল, কিন্তু তুমি কেন চুপ করে ছিলে’, তার যাতে উত্তর দিতে পারি, তাই আপনাদের সামনে এসে এই কথা বলছি। সিরিয়াল বন্ধ হয়, কিন্তু বন্ধ হওয়া আর জোর করে বন্ধ করা এক নয়।”