
বলিউডের চিরসবুজ অভিনেতা রাকেশ বেদি (Rakesh Bedi) যেন এই বয়সে এসে নতুন করে ডানা মেলছেন। সম্প্রতি ‘ধুরন্ধর ২’ ছবিতে পাকিস্তানি রাজনীতিক জামিল জামালির চরিত্রে তাঁর অভিনয় দেখে যখন চারদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছে, ঠিক তখনই এক চমকপ্রদ খবর নিয়ে হাজির হলেন অভিনেতা নিজে। এবার আর কোনও সিরিয়াস অভিনয় নয়, বরং সোজা নাচের ফ্লোরে দেখা মিলল তাঁর। আর সঙ্গী কে? বলিউডের হার্টথ্রব এবং ড্যান্সিং সেনসেশন নোরা ফাতেহি (Nora Fatehi)।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাকেশ বেদি নিজেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুটিংয়ের মাঝে নোরার সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতা মজার ছলেই জানালেন, নোরার মতো তুখোড় নৃত্যশিল্পীর সঙ্গে তাল মিলিয়ে চলা যে কতটা কঠিন! যদিও নোরা কিন্তু অভিনেতার নাচে রীতিমতো মুগ্ধ। তিনি সপাটে জানিয়ে দিলেন, রাকেশ বেদি ফ্লোরে যা ‘পারফরম্যান্স’ দিয়েছেন, তা দেখে দর্শকরা অবাক হতে বাধ্য।
ভিডিয়োতে নোরাকে বলতে শোনা যায়, “স্যার, আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন! আপনার নাচের স্টেপ আর এনার্জি দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি খুব একটা নাচেন না।” পাল্টা মজাও করেছেন রাকেশ। তিনি হেসে বললেন, “নোরা কত সুন্দর মিথ্যে কথা বলে দেখছেন?” তবে মজার আড়ালে আসল খবর হল, খুব শীঘ্রই আসতে চলেছে এই দুজনের একটি ড্যান্স নম্বর। নোরার মতে, আসন্ন বিয়ের মরসুমগুলোতে এই গানটিই হতে চলেছে এক নম্বর হিট।
উল্লেখ্য, রাকেশ বেদি বর্তমানে তাঁর কেরিয়ারের দারুণ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ‘ধুরন্ধর ২’ ছবিতে তাঁর সূক্ষ্ম রসবোধ এবং ধারালো অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এমনকি বক্স অফিসে এই ছবি রীতিমতো রেকর্ড ভাঙাগড়ার খেলা খেলছে। আর এর মাঝেই ডেভিড ধাওয়ানের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তেও দেখা যাবে তাঁকে। তবে তার আগে নোরার সঙ্গে এই নাচের ডুয়েট যে ইন্টারনেটে ঝড় তুলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।