
বলিউডের অন্দরমহলে এখন গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে জোর ফিসফাস চলছে। দীর্ঘ চল্লিশ বছরের বিবাহিত জীবনে হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে অনুরাগী মহলে বিস্তর কৌতূহল রয়েছে। অভিনেতা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দূরত্বের কারণ হিসেবে অনেকেই কোমল রানির নাম জড়াচ্ছেন। ঠিক এমন একটি সময়েই গোটা বিতর্কে একেবারে সরাসরি ঢুকে পড়লেন রাখি সাওয়ান্ত। মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কোমলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।
রাখি সাওয়ান্ত বরাবরই নিজের মনের কথা সোজা ভাবে বলতে ভালোবাসেন। এদিন তিনি সরাসরি কোমলের দিকে আঙুল তোলেন। রাখির অভিযোগ, কোমল নাকি তাঁকে এবং ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের নিয়ে মিথ্যে কথা রটাচ্ছেন। সংবাদমাধ্যমের সামনে বেশ ক্ষোভ উগরে দিয়ে রাখি বলেন, “এই কোমল কে? ও কি লুকিয়ে এসব করছে? ও আমাকে নিয়ে আজেবাজে কথা বলছে, অন্যান্য তারকাদের নিয়েও বাজে কথা রটাচ্ছে। গোবিন্দাই ওকে এত সাহস জুগিয়েছে।”
এরপরই কড়া সুরে কোমলকে সাবধান করে তিনি বলেন, “শোনো, আমার পিছনে লাগতে আসবে না। আমি সুনীতা নই, তোর একেবারে দফারফা করে দেব।” একইসঙ্গে কোমলকে ‘স্বামী চোর’ বলতেও পিছপা হননি তিনি।
কিছুদিন আগেই মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দার সঙ্গে দেখা গিয়েছিল কোমলকে। তখন তাঁর সিঁথিতে সিঁদুর নজর কাড়ে। সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন রাখি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটু তির্যক ভাবেই তিনি কটাক্ষ করে বলেন, “হ্যাঁ, তবে কি গোবিন্দার নামের সিঁদুর?” রাখির এই একটি কথা সোশাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গোবিন্দার কাজে যে তিনি অত্যন্ত হতাশ, তা পরিষ্কার করে দিয়েছেন রাখি। একসময়ের প্রিয় অভিনেতার উদ্দেশে তিনি বলেন, “গোবিন্দা, গোটা দেশ আজ আপনার ওপর বিরক্ত।” ছোটবেলা থেকেই তিনি অভিনেতার বড় অনুরাগী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি এতটাই বিরক্ত যে, গোবিন্দার সিনেমা দেখতে তাঁর যে ৬৫ হাজার ৯৯৯ টাকা খরচ হয়েছে, সেই টাকা তিনি অভিনেতার কাছে ফেরত চেয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। তবে ২০২৬ সালের অগস্ট মাসে তা প্রত্যাহার করে নেন তিনি। সুনীতার দাবি ছিল, গোবিন্দা এবং কোমল লুকিয়ে বিয়ের পরিকল্পনা করছেন। যদিও গোবিন্দার ম্যানেজারের তরফ থেকে এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কোমলও বারবার দাবি করেছেন যে, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই পেশাদারিত্বের। তাঁরা দু’জন একসঙ্গে ‘রূপা’ ছবিতে কাজ করছেন। এর বাইরে তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই। তবে রাখি সাওয়ান্তের এই মন্তব্যের পর বলিউডের এই সমীকরণ ঠিক কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।