
রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের জীবনের এক বর্ণময় অধ্যায়ের সাক্ষী পালি হিলের ‘বাস্তু’ আবাসন। এই আবাসনের ছ’তলার বিলাসবহুল ফ্ল্যাটেই তো তাঁদের প্রেমের সূত্রপাত। এখানেই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে ছাদনাতলায় বসেছিলেন তারকা জুটি। এমনকী, ছোট্ট রাহার জন্মের পর হাসপাতাল থেকে তাকে এই বাড়িতেই প্রথম নিয়ে আসা হয়। সেই অর্থে এই দেওয়ালগুলোর আনাচে-কানাচে জড়িয়ে রয়েছে কাপুর পরিবারের অজস্র আবেগ ও স্মৃতি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই সাধের ঠিকানা এ বার ভাড়া দিয়ে দিলেন ‘অ্যানিমাল’ তারকা।
হ্যাঁ, ঠিকই শুনছেন! ২০১৬ সালে ৩২ কোটি টাকার বিনিময়ে প্রায় ২৪৬০ বর্গফুট এলাকার এই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। তার আগে পর্যন্ত বাবা-মায়ের সঙ্গেই বান্দ্রার বাড়িতে থাকতেন তিনি। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর নিজেদের মতো করে থাকার জন্য এই বাড়িতেই তাঁরা একত্রবাস শুরু করেন। প্রেমিকাকে কাছে রাখতে ২০১৯ সালে আলিয়াও এই একই আবাসনের ছ’তলায় আরও একটি ফ্ল্যাট কেনেন। নিজেদের মতো করে অন্দরমহল সাজিয়েছিলেন তাঁরা। তবে গত বছর দীপাবলিতে ঠিকানা বদল করেছেন ‘রণলিয়া’। পুরনো ফ্ল্যাট ছেড়ে বান্দ্রাতেই ২৫০ কোটি টাকা মূল্যের এক পেল্লাই বাংলোয় নতুন সংসার পেতেছেন তাঁরা। বেশ কয়েক মাস হল সেখানেই রয়েছেন সপরিবার। তাই পুরনো ফ্ল্যাটটি আর অযথা ফেলে না রেখে সেটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
ভাবছেন, রণবীরের ফ্ল্যাটে থাকার খরচ কত? সুত্রের খবর এবং আইনি চুক্তিপত্র অনুযায়ী, মাসিক ১১ লক্ষ টাকায় ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আদিত্য শুক্ল নামে এক ব্যক্তি আগামী পাঁচ বছরের জন্য এই ফ্ল্যাটটি লিজ নিয়েছেন। মুম্বইয়ের বুকে, বিশেষ করে পালি হিলের মতো অভিজাত এলাকায় এমন একটি হাই-প্রোফাইল তারকার ফ্ল্যাটের ভাড়া যে আকাশছোঁয়া হবে, সেটাই তো স্বাভাবিক!
তবে শুধু মুম্বইয়ের ফ্ল্যাট ভাড়াই নয়, টিনসেল টাউনের অন্দরে জল্পনা উস্কে দিয়েছে রণবীরের সাম্প্রতিক একটি বিনিয়োগও। মাস কয়েক আগেই অযোধ্যায় বেশ কিছু জমি কিনেছেন তিনি। বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিংয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেতা। পর্দায় ‘রাম’ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে। তার মধ্যেই অযোধ্যায় জমি কেনা এবং মুম্বইয়ের পুরনো বাড়ি ভাড়ায় দেওয়ায় নেটপাড়ায় নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি পাকাপাকি ভাবে মুম্বই ছেড়ে অযোধ্যায় সংসার পাততে চলেছেন তারকা-দম্পতি? রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে কি রাম জন্মভূমিতেই থাকতে চাইছেন তিনি? যদিও এই বিষয়ে অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
সব মিলিয়ে, জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন রণবীর। একদিকে নতুন রাজকীয় বাংলোয় রাহা আর আলিয়ার সঙ্গে ভরা সংসার, অন্য দিকে রামায়ণের মতো বিগ-বাজেট প্রজেক্ট। আর সেই সঙ্গেই পুরনো স্মৃতিমাখা ফ্ল্যাট থেকে প্রতি মাসে ১১ লক্ষ টাকার মোটা অঙ্কের নিশ্চিত আয়! অভিনেতার এই হিসেবি পদক্ষেপ যে বেশ বুদ্ধিদীপ্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।