AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবা হলেন রণদীপ হুডা, সন্তানের ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?

রণদীপ দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন। তবে এই আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে একটি বিশেষ সমাপতনে— রণদীপের কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিক সেই দিনে, যেদিন তাঁর বাবা রণবীর হুডার জন্মদিন। অর্থাৎ, এখন থেকে একই দিনে কেক কাটবেন দাদু আর নাতনি।

বাবা হলেন রণদীপ হুডা, সন্তানের ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?
| Updated on: Mar 10, 2026 | 5:03 PM
Share

টিনসেল টাউনে এখন খুশির হাওয়া। জীবনের নতুন এক ইনিংসে পা দিলেন অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম। রণদীপ দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন। তবে এই আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে একটি বিশেষ সমাপতনে— রণদীপের কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিক সেই দিনে, যেদিন তাঁর বাবা রণবীর হুডার জন্মদিন। অর্থাৎ, এখন থেকে একই দিনে কেক কাটবেন দাদু আর নাতনি।

ইনস্টাগ্রামে নবজাতকের ছবি শেয়ার করে রণদীপ হুডা একটি অত্যন্ত আবেগপ্রবণ পোস্ট করেছেন। হরিয়ানাভী ভাষায় ক্যাপশনে তিনি লিখেছেন, “দাদা আর নাতনির জন্মদিনের অনেক অনেক অভিনন্দন।” নিজের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, “বাবা, আজ নিজে বাবা হওয়ার পর তোমার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আরও বেড়ে গেল।”

সন্তানসম্ভবা হওয়ার সফর থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত লিনের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন রণদীপ। স্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, “সবথেকে বড় ধন্যবাদ লিনকে, আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। একরত্তি মেয়ে আর সারাজীবনের অফুরন্ত ভালোবাসা আমাদের সঙ্গে রইল।”

গত বছর মণিপুরী রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ ও লিন। তাঁদের এই মিষ্টি রসায়ন সবসময়ই নেটিজেনদের প্রিয়। কন্যাসন্তানের খবর প্রকাশ্যে আসতেই বলি-পাড়ার সতীর্থ থেকে শুরু করে সাধারণ অনুরাগী— সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই নতুন বাবা-মাকে।

রণদীপ হুডা মানেই পর্দায় দাপুটে অভিনয়, কিন্তু বাস্তবের এই ‘বাবা’ ইমেজ যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ধরা দিল তাঁর ভক্তদের কাছে। ছোট্ট রাজকন্যার আগমনে এখন হুডা পরিবারে উৎসবের আমেজ।

Follow Us