AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুক্তির আগেই টিকিটের দাম ৩০০০ পার, ‘ধুরন্ধর ২’ এর বুকিং রেকর্ড চমকে দেওয়ার মতো

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংকে দেখা গিয়েছে ভারতীয় গুপ্তচর জাসকিরত সিং রাঙ্গির চরিত্রে। গতবার তিনি পাকিস্তানের করাচিতে ঢুকে রেহমান বালোচের গ্যাং ধ্বংস করেছিলেন। এবারের গল্পে সেই লড়াই আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।

মুক্তির আগেই টিকিটের দাম ৩০০০ পার, ‘ধুরন্ধর ২’ এর বুকিং রেকর্ড চমকে দেওয়ার মতো
Image Credit: facebook & instagram
| Updated on: Mar 09, 2026 | 5:49 PM
Share

সিনেমা হলে ‘অচ্ছে দিন’ ফিরছে কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু রণবীর সিং যে বক্স অফিসে আগুন লাগিয়ে দিতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। গত বছরের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, টিকিটের দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠছে। তবুও মুক্তির আগেই ঝুলছে হাউসফুল বোর্ড।

সাধারণত সিনেমা শুক্রবার মুক্তি পায়। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর নির্মাতারা একটু অন্য পথে হেঁটেছেন। ১৯ মার্চ সিনেমাটি বড় পর্দায় আসার কথা থাকলেও, আগের দিন অর্থাৎ ১৮ মার্চ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে স্পেশাল ‘পেইড প্রিভিউ’। আর এই প্রিভিউ শো ঘিরেই তৈরি হয়েছে উন্মাদনা। বুক মাই শো-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেশের কিছু নামী মাল্টিপ্লেক্সে টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে ৩,১০০ টাকায়! আশ্চর্যের বিষয় হল, আকাশছোঁয়া দাম সত্ত্বেও দর্শকদের মধ্যে টিকিট কেনার হিড়িক কমেনি।

কেন এই ছবি নিয়ে এত হইচই?

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংকে দেখা গিয়েছে ভারতীয় গুপ্তচর জাসকিরত সিং রাঙ্গির চরিত্রে। গতবার তিনি পাকিস্তানের করাচিতে ঢুকে রেহমান বালোচের গ্যাং ধ্বংস করেছিলেন। এবারের গল্পে সেই লড়াই আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। আলিয়া ভাট থেকে ভিকি কৌশল বলিউডের তাবড় তারকারা রণবীরকে এই চরিত্রে দেখে মুগ্ধ।

ট্রেড অ্যানালিস্টদের মতে, এখনও পর্যন্ত শুধুমাত্র অগ্রিম টিকিট বুকিং থেকেই প্রায় ১২ কোটি টাকা উঠে এসেছে। ব্লকড সিট ধরলে এই অঙ্কটা ১৮ থেকে ২০ কোটির কাছাকাছি। হায়দরাবাদ এবং মুম্বইয়ে ছবির চাহিদা সবচেয়ে বেশি। তবে দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরগুলোও খুব একটা পিছিয়ে নেই। প্রসঙ্গত, এবার আর শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এই ছবি।

রণবীর সিং ছাড়াও এই ছবিতে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো অভিনেতারা। সারা অর্জুনেরও আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে। বড় পর্দার সেই পুরনো মেজাজ আর টানটান থ্রিলার দেখতে মুখিয়ে আছেন দর্শক। বুক মাই শো-এর চিফ অপারেটিং অফিসার আশিস সাকসেনা জানিয়েছেন, এই বিপুল উন্মাদনা প্রমাণ করে যে সিনেমার প্রতি মানুষের ভালোবাসা এখনও অটুট। এখন দেখার, ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর বক্স অফিসের কোন কোন রেকর্ড ভেঙে চুরমার করে দেয় ‘ধুরন্ধর ২’।

Follow Us