Ranveer Singh’s 3 Vanity Vans Controversy: রণবীরের একাধিক ভ্যানিটি ভ্যানের পিছনেই ছবির বাজেটের একাংশ খরচ! সত্য ফাঁস করলেন সহ অভিনেতা
Ranveer Singh Dhurandhar vanity van controversy reaction:আদিত্য ধর পরিচালিত রণবীরের সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সেটে নাকি রণবীরের জন্য বরাদ্দ ছিল একাধিক ভ্যানিটি ভ্যান! একজন অভিনেতার জন্য তিনটি আলাদা ভ্যান- এই খবর শুনে রীতিমতো চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। 'ধুরন্ধর' ছবির শুটিং সেটের আসল সত্যি এল সামনে।

রণবীর সিং (Ranveer Singh) মানেই কি বিলাসিতার চরম সীমা পার? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছিল টিনসেল টাউনে। শোনা যাচ্ছিল, আদিত্য ধর পরিচালিত তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সেটে নাকি রণবীরের জন্য বরাদ্দ ছিল একাধিক ভ্যানিটি ভ্যান! একজন অভিনেতার জন্য তিনটি আলাদা ভ্যান- এই খবর শুনে রীতিমতো চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। তবে বিতর্ক যখন তুঙ্গে, তখনই আসরে নামলেন ছবির গুরুত্বপূর্ণ সদস্য গৌরব গেরা।
একটি পোস্টে সম্প্রতি দাবি করা হয়েছিল, ‘ধুরন্ধর’ ছবির ক্রেডিট লাইনে রণবীরের চরিত্রের নাম ‘হামজা’ উল্লেখ করে তিনটি ভ্যানের কথা লেখা রয়েছে—হামজা ভ্যান, হামজা স্টাফ ভ্যান এবং হামজা নরমাল ভ্যান। এই পোস্ট ঘিরেই শুরু হয় সমালোচনা। অভিযোগ ওঠে, ছবির বাজেটের একটা বড় অংশ নাকি এভাবেই অপচয় করা হচ্ছে।
সম্প্রতি গৌরব গেরার বাড়িতে আড্ডায় বসেছিলেন পরিচালক ফারহা খান। সেখানেই ওঠে রণবীরের এই ভ্যানিটি ভ্যানের প্রসঙ্গ। ফারহা অবশ্য বিষয়টিকে মজার ছলে উড়িয়ে দিয়েছেন। রণবীরের অভিনয়ে মুগ্ধ ফারহা বলেন, “ও যে মানের অভিনেতা, তাতে ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর ওকে আরও ৫টা ভ্যান দিলেও কম হবে।” অর্থাৎ, ফারহার মতে রণবীরের প্রতিভা যেকোনও বিলাসিতার ঊর্ধ্বে।
অন্যদিকে, সেই ছবির অন্যতম অভিনেতা গৌরব গেরা সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি সেটে এমন তিন-তিনটি ভ্যান কোনওদিন দেখেননি। তিনি বলেন, “আমি তো সেখানে এতগুলো ভ্যান কখনও দেখতে পাইনি।” আসলে ডিজিটাল দুনিয়ায় অনেক সময় তিলকে তাল করা হয়, এটাও তেমনই এক ঘটনা উদাহরণ বলে জানিয়েছেন গৌরব।
ভ্যানিটি বিতর্ক ছাপিয়ে সেই আড্ডায় উঠে এসেছে রণবীরের মজার স্বভাবের কথা। গৌরব গেরা একসময় ‘চুটকি’ চরিত্রের জন্য অসম্ভব জনপ্রিয় হয়েছিলেন। গৌরব জানালেন, ‘ধুরন্ধর’-এর স্ক্রিপ্ট রিডিং চলাকালীনই রণবীর তাঁকে চিনে ফেলেন। বিরতির সময় গৌরব যখন বাথরুমে যাচ্ছিলেন, রণবীর তাঁর পিছু নেন এবং সেই পরিচিত চুটকির গলায় নকল করে মজার সুরে বলেন, “চুটকি, বাথরুমে যাবে?” রণবীরের এই শিশুসুলভ এবং প্রাণবন্ত আচরণে মুগ্ধ গোটা ইউনিট।
