
রেশমি দেশাই আর নন্দীশ সিং সান্ধু। ‘উত্তরণ’ ধারাবাহিকের সেই হিট জুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। একসময় তাঁদের প্রেম আর রূপকথার বিয়ে নিয়ে চর্চার শেষ ছিল না। কিন্তু সেই প্রেম টেকেনি। তিক্ততা আর চরম অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছিল সম্পর্ক। সেই অতীত এবার পুরোপুরি মুছে ফেললেন নন্দীশ। প্রাক্তন স্ত্রী রেশমিকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। আর এবার তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক বাঙালি মেয়েকে। নিজের থেকে বয়সে ১১ বছরের ছোট অভিনেত্রী, কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নন্দীশ।
সূত্রের খবর, গত ১৪ নভেম্বর একেবারে সাবেকি বাঙালি রীতি মেনে হুগলিতে বিয়ের পিঁড়িতে বসেন যুগল। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরেই চুপিসারে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল নন্দীশ আর কবিতার।
বিয়ের আগে থেকেই শুরু হয়েছিল জমজমাট সেলিব্রেশন। গায়ে হলুদ, মেহেন্দি থেকে জমকালো সঙ্গীত, কোনও কিছুই বাদ যায়নি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি আর ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের বিয়ের নানান সুন্দর মুহূর্ত, আবেগঘন পরিবার এবং নিখাদ বাঙালিয়ানার ছোঁয়া। ধুতি-পাঞ্জাবি আর লাল বেনারসিতে খাঁটি বাঙালি সাজে নন্দীশ আর কবিতাকে দেখে মুগ্ধ অনুরাগীরাও। বিয়ের আগে সঙ্গীতের আসরে চুটিয়ে নাচতেও দেখা গিয়েছে নতুন জুটিকে। সেই ভিডিয়ো পোস্ট করে আবেগপ্রবণ নন্দীশ লেখেন, ‘বিয়ের আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এক রাত, অসংখ্য স্মৃতি, আনন্দ আর একটু নাচ… সব প্রিয় মানুষদের এক ছাদের তলায় পাওয়াটা সত্যিই খুব স্পেশাল।’
তবে নন্দীশের এই নতুন শুরুর খবরের মাঝেই বারবার উঠে আসছে রেশমি দেশাইয়ের নাম। ২০১২ সালে ধুমধাম করে বিয়ে সারেন নন্দীশ-রেশমি। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কে ফাটল ধরে। ২০১৬ সালে পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের মতো মারাত্মক সব অভিযোগ এনেছিলেন রেশমি।
সেই ভয়াবহ স্মৃতি পিছনে ফেলে অভিনেত্রী এখন অনেকটাই পরিণত। প্রাক্তন স্বামী যখন ১১ বছরের ছোট বাঙালি প্রেমিকাকে নিয়ে নতুন সংসার পাততে ব্যস্ত, রেশমি তখন একাই নিজের শর্তে বাঁচছেন। বিনোদন জগতে চুটিয়ে কাজ করছেন, একা হাতেই সবটা সামলাচ্ছেন। বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন রেশমি। ‘বিগ বস ১৩’-এর ঘরে যখন তিনি পা রাখেন, তখন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। ক্যামেরার সামনে চোখের জল ফেলেছিলেন ঠিকই, তবে ভেঙে পড়েননি। বরং নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করেছেন। বর্তমানে টেলিভিশন থেকে ওটিটি, সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি সুপারহিট। গ্ল্যামারাস ফটোশুট হোক বা রিলস, ভক্তদের সঙ্গে সবসময় জুড়ে থাকেন অভিনেত্রী।