
ভাইজানের (Salman Khan) কড়া নিয়মকানুন নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চার শেষ নেই। সেটে নায়িকাদের পোশাক কেমন হবে, কতটা খোলামেলা ড্রেস পরা যাবে, এই নিয়ে তাঁর অলিখিত ফতোয়ার কথা কারও অজানা নয়। পলক তিওয়ারি থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ কিংবা ডেইজি শাহ, অনেকেই বিভিন্ন সময় সলমনের এই অভিভাবকসুলভ আচরণের কথা ফাঁস করেছেন। তবে এই তালিকার সবচেয়ে বড় চমক বোধহয় করিশ্মা কাপুর! নব্বইয়ের দশকের এই প্রথম সারির অভিনেত্রীর পোশাক দেখেও একবার রীতিমতো খেপে গিয়েছিলেন সলমন। সাফ জানিয়ে দিয়েছিলেন, ওই ছোট ড্রেস পরলে কিছুতেই ক্যামেরার সামনে দাঁড়াবেন না। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর মঞ্চে উঠে এল এমনই এক পুরোনো মান-অভিমানের মজার গল্প।
করণ জোহরের শোয়ের সাম্প্রতিক এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন সলমন খান। সেখানেই একটি বিশেষ র্যাপিড-ফায়ার রাউন্ড সঞ্চালনা করতে পৌঁছন করিশ্মা। দুই তারকার আড্ডায় স্বাভাবিকভাবেই উঠে আসে দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্বের নানা অজানা দিক। তবে বন্ধুত্বের পাশাপাশি সেটে যে তাঁদের ইঁদুর-বেড়ালের মতো তুমুল ঝগড়া চলত, সে কথাও হাসতে হাসতে ফাঁস করেন নায়িকা। আর সেই ঝগড়ার কেন্দ্রবিন্দুতে ছিল সুপারহিট ছবি ‘দুলহন হাম লে যায়েঙ্গে’-র সেট।
সিনেমার একটি আইকনিক নাচের দৃশ্যের জন্য দারুণ একটি পোশাক বেছেছিলেন করিশ্মা। সেই ফ্যাশন নিয়ে রীতিমতো উত্তেজিত ছিলেন তিনি। বিস্তর খেটে ড্রেসটি তৈরি করা হয়েছিল। কিন্তু শুটিংয়ের দিন ফ্লোরে পা রাখতেই সব আনন্দ মাটি! নায়িকাকে ওই পোশাকে দেখেই সলমন নাকি সরাসরি বলে বসেন, এমন ছোট ড্রেস পরে থাকলে তাঁর পক্ষে শট দেওয়া সম্ভব নয়। এমন কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন অভিনেত্রী। রেগেমেগে সোজা পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে গিয়ে নালিশ ঠোকেন। পরিচালককে অনুরোধ করেন, তিনি যেন বিষয়টা মিটিয়ে নেন।
কিন্তু ঠিক কী সমস্যা ছিল ভাইজানের? করণ জোহর যখন প্রশ্ন করেন, পোশাকটি কি খুব বেশি খোলামেলা ছিল? তখন সলমন নিজেই গোটা বিষয়টা খোলসা করেন। অভিনেতার কথায়, পোশাক গায়ে লেগে থাকলে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু ড্রেসটি এতটাই ছোট আর ট্রান্সপারেন্ট ছিল যে, নাচলেই তা ক্রমাগত উপরের দিকে উঠে আসত। শোয়ে বসে নিজের পা দেখিয়ে সলমন বুঝিয়ে দেন, ক্যামেরার সামনে বিষয়টা ঠিক কতটা অস্বস্তিকর হতে পারত। তাই তাঁর কড়া নির্দেশ ছিল, প্রত্যেক টেক নেওয়ার আগে ড্রেস টেনে নিচে নামাতে হবে। বাধ্য হয়ে করিশ্মার হেয়ার ড্রেসারও সারাক্ষণ সেদিকে নজর রাখতেন।
নায়িকার কথায়, সলমন আসলে তাঁর প্রতি ভীষণ প্রোটেক্টিভ ছিলেন বলেই ওরকম করতেন। মজার বিষয় হল, সেটে এত অশান্তি আর কড়াকড়ির পরেও করিশ্মার সেই পোশাক কিন্তু পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। আজও সেই লুক বলিউডের অন্যতম আইকনিক ট্রেন্ড হিসেবেই মনে রেখেছে দর্শক। নব্বইয়ের দশকের সেই নস্ট্যালজিয়াই যেন আরও একবার তাজা হয়ে উঠল কফি উইথ করণের মঞ্চে।