
অভিনেত্রী অনন্যা গুহ সাতপাকে বাঁধা পড়লেন, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর সঙ্গে। অনন্যা-সুকান্তকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁদের পরিবারের লোকজন, সঙ্গে ছিলেন টলিপাড়ার অতিথিরা। অনন্যার বন্ধু সায়ক চক্রবর্তী উপস্থিত ছিলেন বিয়েতে।
অনন্যা-সুকান্ত-সায়কের উপস্থিতির জন্য এই সন্ধের ছবি দেখে কিছু নেটিজেন অলি পাব প্রসঙ্গ টেনে এনেছেন। কিছুদিন আগে অলি পাবে খেতে গিয়ে অভিযোগ জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সায়ক। তাঁর দাবি ছিল, তাঁকে না বলেই বিফ খাইয়ে দেওয়া হয়েছে! বিষয়টা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই সময়ে অনন্যার মন্তব্য ঘিরে সায়কের সঙ্গে অনন্যা-সুকান্তর বন্ধুত্বে কোনও চিড় ধরেছে কিনা, সেই চর্চা শুরু হয়েছিল। তবে এই বিয়ের সন্ধেতে সায়ককে দেখে, এক নেটিজেন মন্তব্য করেছেন, ”তিন বন্ধুকে এক ছাদের তলায় দেখে ভালো লাগছে। অলি পাব কাণ্ডের পরও ওঁদের বন্ধুত্ব একই রকম আছে।”
অনন্যা-সুকান্তর বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। কল্যাণীতে হয়েছে এই বিয়ে। তার জন্য কীভাবে বাড়ি সাজানো হচ্ছে, তার ভিডিয়ো পোস্ট করেছিলেন সুকান্ত। এরপর অনন্যার আলতা পরার অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তিনি এটা উল্লেখ করেন, মেহেন্দি পরার অনুষ্ঠানটি বাঙালিদের নয়, বরং আলতা পরার চল রয়েছে বাঙালিদের মধ্যে। অনন্যা-সুকান্তর একসঙ্গে গায়ে হলুদ হয়েছে। সেই ছবিও সমাজ মাধ্যমে বিয়ের পর দিন পোস্ট করেছেন সুকান্ত। আর সোমবার রাতের পর থেকেই সিঁদুরদানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। দম্পতি শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটিজেন।