মেয়ে সুহানাকে ‘কিং’ এর সেটে কী আলাদা গুরুত্ব দিচ্ছেন শাহরুখ? জানালেন সৌরভ

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ শুক্লা জানিয়েছেন, ‘কিং’-এর সেটে বাবা-মেয়ের রসায়নটা ঠিক কেমন। আমরা জানি, সন্তানদের প্রতি শাহরুখ কতটা যত্নশীল। কিন্তু সৌরভের পর্যবেক্ষণ বলছে, কাজের জায়গায় শাহরুখ ভীষণই আলাদা। সেখানে তিনি সুহানাকে আলাদা কোনও সুবিধা করে দিচ্ছেন না।

মেয়ে সুহানাকে ‘কিং’ এর সেটে কী আলাদা গুরুত্ব দিচ্ছেন শাহরুখ? জানালেন সৌরভ
সুহানা কে ‘কিং’ এর সেটে কী আলাদা গুরুত্ব দিচ্ছেন শাহরুখ?

Apr 08, 2026 | 7:10 PM

পর্দার বাইরে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হতে পারেন, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে তিনি শুধুই একজন পেশাদার অভিনেতা। এমনকি সহ-অভিনেতা যদি নিজের মেয়ে সুহানা খান হন, তবুও সেই নিয়মের নড়চড় হয় না। শাহরুখ খান এবং সুহানা অভিনীত আসন্ন সিনেমা ‘কিং’ (King) নিয়ে এখন তুঙ্গে উত্তেজনা। এর মধ্যেই ছবির সেট থেকে এক দারুণ অভিজ্ঞতার কথা শোনালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লা। তাঁর কথায়, শুটিং ফ্লোরে সুহানার জন্য শাহরুখ ‘পজেসিভ’ বাবা নন, বরং একজন অভিজ্ঞ গাইড এবং যোগ্য সহকর্মী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ শুক্লা জানিয়েছেন, ‘কিং’-এর সেটে বাবা-মেয়ের রসায়নটা ঠিক কেমন। আমরা জানি, সন্তানদের প্রতি শাহরুখ কতটা যত্নশীল। কিন্তু সৌরভের পর্যবেক্ষণ বলছে, কাজের জায়গায় শাহরুখ ভীষণই আলাদা। সেখানে তিনি সুহানাকে আলাদা কোনও সুবিধা করে দিচ্ছেন না। সৌরভের কথায়, “শাহরুখ অত্যন্ত বুদ্ধিমান একজন বাবা। উনি সন্তানদের যথেষ্ট স্বাধীনতা দেন যাতে তাঁদের নিজস্ব একটা সত্তা তৈরি হয়। শুটিং সেটে উনি সুহানার সঙ্গে একদম একজন সহকর্মীর মতোই আচরণ করছিলেন। রিহার্সাল থেকে শুরু করে দৃশ্যের প্রয়োজনে পরামর্শ দেওয়া সবটাই হচ্ছিল একজন কো-অ্যাক্টরের মতো।”

কথায় কথায় সৌরভ ফিরে গিয়েছিলেন ১৯৯৯ সালের ‘বাদশা’ ছবির দিনগুলোতে। সেই সময়ও শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সৌরভের মতে, সেই সময়ের উদীয়মান তারকা থেকে আজকের গ্লোবাল আইকন শাহরুখের বিবর্তন অভাবনীয়। তাঁর মতে, শাহরুখ যে আজ এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন, তার নেপথ্যে রয়েছে তাঁর তুখোড় ব্যবসায়িক বুদ্ধি। একা হাতে এই রাজত্ব সামলানো যে সহজ কথা নয়, তা মনে করিয়ে দিয়েছেন সৌরভ। তবে এই দীর্ঘ যাত্রায় পরিবার সব সময় তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিটিতে শাহরুখ খানকে এক মারকাটারি অ্যাকশন অবতারে দেখা যাবে। এটি আর পাঁচটা সাধারণ ছবির মতো ‘ফ্ল্যাট’ গল্প নয়, বরং টানটান উত্তেজনা আর হাই-অকটেন স্টান্টে ভরপুর এক সিনেমা হতে চলেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে অভিষেক বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকেও দেখা যাওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই মেগা প্রজেক্ট। স্টার-কিড হিসেবে সুহানার এটিই প্রথম বড় পর্দার কাজ হতে চলেছে (এর আগে ওটিটি-তে ‘দ্য আর্চিস’ দেখা গিয়েছিল)। তবে বাবার পাশে থেকে সুহানা কতটা টেক্কা দিতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Follow Us